শেখ হাসিনা দেশে এলে দুটি জায়গা প্রস্তুত রয়েছে: হাবিব উন নবী খান
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা দেশে ফিরুক এমনটাই প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি দেশে ফিরে আসলে তার বিরুদ্ধে আইনি রায় বাস্তবায়ন করা হবে এবং এর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশজুড়ে আওয়ামী লীগের চলমান আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের কর্মসূচি সেই দেশেই পালন হওয়া উচিত, যে রাষ্ট্রে বর্তমানে তিনি অবস্থান করছেন। এই বাংলাদেশ তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের উপযোগী জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের শক্তিমত্তা ও বৈধতা তুলে ধরে তিনি আরও বলেন, দুই-চারটি বাড়িতে হামলা, কিছু গাড়িতে অগ্নিসংযোগ কিংবা রামদা হাতে নিয়ে রাস্তায় মিছিল করলেই এই সরকারকে ভয় দেখানো সম্ভব নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এই সরকার কোনো আমি-ডামি নির্বাচনের সরকার নয়, বরং এটি সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার।
সমাবেশের শেষ পর্যায়ে হাবিব উন নবী খান সোহেল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশের মানুষের রক্ত পেরিয়ে খুনিরা আবার বাংলাদেশে প্রবেশ করবে আর আমরা তা হাত গুটিয়ে তাকিয়ে দেখবো? তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, শেখ হাসিনা যদি দেশে আসেন তবে তার জন্য মাত্র দুটি জায়গাই নির্দিষ্ট রয়েছে—একটি হলো জেলখানা এবং অন্যটি ফাঁসির মঞ্চ। এর বাইরে তার জন্য অন্য কোনো বিকল্প স্থান নেই।
