শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে আনা ১৮টি স্বর্ণের বারসহ বিমানবন্দরে যুবক আটক
অনলাইন ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে আনা ১৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড৫০১) দুবাই থেকে ঢাকায় আসেন ওই যুবক। গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা বিভাগের (সিআইআইডি) সদস্যরা তাঁকে আটক করেন। তাঁর শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সব লাগেজ স্ক্যান করা হয়।
শরীরে অবৈধ কোনো বস্তু লুকিয়ে আনা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। একপর্যায়ে তিনি শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন দুই কেজি ১০৬ গ্রাম।
আটক যুবকের নাম মোহাম্মদ রুহুল আমিন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
