ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ, ট্রাইব্যুনালে ইনুসহ ১০ আসামি

প্রকাশিত: 23 November 2026, 1:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সোমবার সকাল ১০টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা। গ্রেপ্তার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন।

এ মামলায় মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন; শেখ হাসিনাসহ বাকি ৩০ জন পলাতক।

শুনানিতে অংশ নিতে সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তাঁর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী এ মামলার আসামি। ট্রাইব্যুনালে প্রবেশের সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে কাদের সিদ্দিকী বলেন, ‘এত ছবি তুলে কী হবে।’

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা করা হয়। প্রসিকিউশনের দুটি অভিযোগের একটিতে ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং অপরটিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। এরপর আসামিপক্ষের শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।

মন্তব্য করুন