নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন
অনলাইন ডেস্ক:
হত্যার হুমকির মামলায় সমন পেয়েও আদালতে হাজির হলেন না অভিনেত্রী তানজিন তিশা। সোমবার ছিল তাঁর হাজির হওয়ার দিন — সেদিনই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলেন মামলার বাদী সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় তানজিন তিশার হাজির হওয়ার কথা ছিল। মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তিনি আদালতে উপস্থিত হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
গত ২৬ অক্টোবর সানায়া চৌধুরী একই আদালতে হত্যার হুমকির অভিযোগে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন সানায়া চৌধুরী। ওই মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর নারাজি আবেদন গত ২৫ অক্টোবর মঞ্জুর করেন আদালত। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদীর দাবি, ওই আদেশের পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেন।
