বিরোধী দমনে হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বিরোধী দল দমন-পীড়নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপকর্ম চালিয়ে গেছেন, যা সাক্ষীদের জবানবন্দিতে স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি আরও বলেন, জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল তার আজ্ঞাবহ কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় করে চরদুয়ানীসহ বিভিন্ন অপারেশনে যেতেন। ওই সাংবাদিকরা ফিরে এসে নিজেদের মনগড়া তথ্য প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করতেন। এছাড়া তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যে জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যার অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সাক্ষীদের বর্ণনায় এই সংখ্যা ১৫০ থেকে ২০০ জনের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সাক্ষীরা তার দানবীয় সব কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন।
তিনি আরও বলেন, এত অপকর্মের পরও জিয়াউল আহসান বারবার পদোন্নতি পেয়েছেন। মাতৃবাহিনীতে না গিয়ে স্বৈরাচারী কায়দায় তৎকালীন র্যাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী ভিন্ন রাজনৈতিক দল দমন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। সেনাপ্রধান নিজেও জানিয়েছেন যে, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। এছাড়া তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের মামলা দিয়েই গুমের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এটিই প্রথম যুক্তিতর্ক। এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতরাই এসব বিষয়ে জানতেন। ফৌজদারি বিচারব্যবস্থায় অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের মধ্য থেকে কয়েকজনকে আসামির পরিবর্তে সাক্ষী করা হয়েছে।
