ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইউরোপগামী নৌযানসহ সেনেগালের ১৭৫ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

প্রকাশিত: 25 November 2026, 12:29 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

প্রায় দুই সপ্তাহ আগে সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌযানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে নৌযানটিতে থাকা প্রায় ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর কোনো খোঁজ মিলছে না। বিপজ্জনক এই সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্থানীয় কর্মকর্তা ও একটি মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় মাছ ধরার ঘাটের সাধারণ সম্পাদক এবং ডাকারের ইয়ফ জেলার মেয়র জানিয়েছেন, গত ৯ থেকে ১০ নভেম্বরের দিকে ইয়ফ এলাকা থেকে নৌযানটি যাত্রা শুরু করেছিল। ইয়ফের মেয়র সেদিনা ইসা লায়ে জানান, স্থানীয়ভাবে ‘পিরোগ’ নামে পরিচিত কাঠের তৈরি ওই নৌযানটিতে প্রায় ১৭৫ জন আরোহী ছিলেন। অন্যদিকে, বেসরকারি মানবাধিকার সংস্থা ‘অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ’ জানিয়েছে, নৌযানটির ১৭২ জন আরোহী নিখোঁজ রয়েছেন বলে তারা ধারণা করছে এবং সংস্থাটি অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করার জোরালো আহ্বান জানিয়েছে।

এদিকে, সেনেগালের নৌবাহিনী জানিয়েছে যে তারা গত সোমবার পাঁচটি পিরোগ নৌযান থেকে ৯৭৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। নৌবাহিনীর বিবৃতির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত সেনেগাল থেকে যাত্রা করা বা যাত্রার চেষ্টাকালে ৫ হাজার ২০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার, আটক কিংবা প্রতিরোধ করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু নভেম্বরের প্রথম ১২ দিনেই ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

আটলান্টিক মহাসাগরের এই রুটটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রায়ই তা প্রাণঘাতী হয়ে ওঠে। অভিবাসন অধিকারবিষয়ক সংস্থা ওয়াকিং বর্ডারস-এর তথ্য অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে এই পথ পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল চলতি বছরের প্রথম পাঁচ মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩৫ জন।

মন্তব্য করুন