ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শূকরের কিডনি প্রতিস্থাপনে এক বছর সুস্থ থাকার নতুন রেকর্ড

প্রকাশিত: 25 November 2026, 3:59 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জিনগতভাবে রূপান্তরিত শূকরের কিডনি প্রতিস্থাপনের পর টানা এক বছর সুস্থ থাকার অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো। দুই সন্তানের এই জননী চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে শূকরের কিডনি নিয়ে সবচেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকার রেকর্ড তৈরি করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য চিকিৎসা খাতে অঙ্গ প্রতিস্থাপনের তীব্র সংকট নিরসনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ২০২৫ সালের ২২ নভেম্বর ফ্যালকোর শরীরে সফলভাবে এই অস্ত্রোপচার চালানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শৈশবে শনাক্ত হওয়া এক ব্যাধির কারণে ফ্যালকোর দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছিল। ২০২৪ সালে রোগটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তাকে একটানা প্রায় ১১ মাস ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হয়।

ডায়ালাইসিসের কষ্টকর জীবন থেকে মুক্তি পেতে বিকল্প প্রতিস্থাপনের প্রহর গুনছিলেন ফ্যালকো। তাই চিকিৎসকরা যখন তাকে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি বসানোর প্রস্তাব দেন, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা গ্রহণ করেন। এই চিকিৎসা প্রক্রিয়া নিয়ে তার মনে কোনো ভয় বা উদ্বেগ ছিল না বলেও জানান তিনি।

সফল অস্ত্রোপচারের এক বছর পর নিজের শারীরিক উন্নতিতে দারুণ সন্তুষ্ট ফ্যালকো। অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এখন তিনি বেশ ভালো আছেন এবং কোনো অসুস্থতা বোধ করছেন না। তবে অঙ্গ প্রত্যাখ্যান রোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে বাইরে বের হলে মাস্ক ব্যবহারসহ বিভিন্ন সতর্কতা অবলম্বন করছেন। আগামী শীতে সন্তানদের সাথে স্কি করার এবং আরও কর্মক্ষম জীবন কাটানোর ব্যাপারে তিনি আশাবাদী।

ফ্যালকোর শরীরে ব্যবহৃত কিডনিটি তৈরি করেছে জৈবপ্রযুক্তি সংস্থা ‘ইজেনেসিস’। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কার্টিস এই অর্জনকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অবিহিত করেছেন। তার মতে, জিনগত পরিবর্তন আনা প্রাণীর অঙ্গ মানুষের শরীরে ব্যবহারের এই সাফল্য বিশ্বজুড়ে অঙ্গের সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের চিকিৎসক লিওনার্দো ভি. রিয়েলা জানান, কয়েক বছর আগেও শূকরের কিডনি মানবদেহে কাজ করবে কি না, তা নিয়ে চিকিৎসকদের সংশয় ছিল। কিন্তু এখন গবেষকদের মূল লক্ষ্য দাঁড়িয়েছে, প্রতিস্থাপিত এই অঙ্গকে কত দীর্ঘমেয়াদে কার্যকর রাখা সম্ভব তা বের করা।

চিকিৎসকদের মূল উদ্দেশ্য হলো, প্রানিজ অঙ্গ প্রতিস্থাপনকে ডায়ালাইসিসের একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে রূপ দেওয়া। এতে করে বছরের পর বছর নতুন কিডনির জন্য অপেক্ষায় থাকা অসংখ্য মুমূর্ষু রোগী উপকৃত হতে পারবেন।

মন্তব্য করুন