শূকরের কিডনি নিয়ে এক বছর বেঁচে রেকর্ড গড়লেন মলি
অনলাইন ডেস্ক:
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর পার করলেন যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো। দুই সন্তানের জননী মলি এই অনন্য সাফল্যের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, অঙ্গ প্রতিস্থাপনের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে এই ঘটনা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
২০২৫ সালের ২২ নভেম্বর ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে মলির শরীরে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। শৈশবে ধরা পড়া একটি জটিল রোগের কারণে তার কিডনি বিকল হয়ে গিয়েছিল। ২০২৪ সাল থেকে কিডনি রোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর প্রায় ১১ মাস তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়েছে।
মলি জানান, ডায়ালাইসিসের কষ্ট থেকে মুক্তি পেতে তিনি অধীর আগ্রহে প্রতিস্থাপনের অপেক্ষায় ছিলেন। অস্ত্রোপচারের প্রস্তাব পাওয়ার পর কোনো দ্বিধা ছাড়াই তিনি তাতে সম্মতি দেন। চিকিৎসা প্রক্রিয়া নিয়ে তার মনে কোনো ভয় বা উদ্বেগ ছিল না বলেও তিনি জানান।
অস্ত্রোপচারের এক বছর পর নিজের শারীরিক অবস্থা নিয়ে দারুণ সন্তুষ্ট মলি। তিনি জানান, এখন বেশ সুস্থ বোধ করছেন। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা মেনে চলছেন তিনি। মলি আশা করছেন, আসন্ন শীতকালে সন্তানদের সঙ্গে স্কি করতে পারবেন এবং আগের চেয়ে অনেক বেশি সক্রিয় জীবনযাপন করতে পারবেন।
মলির শরীরে প্রতিস্থাপিত কিডনিটি তৈরি করেছে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনেসিস। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কার্টিস এই সাফল্যকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। তার মতে, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্গের তীব্র সংকট কমানোর নতুন পথ তৈরি হতে পারে।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের চিকিৎসক লিওনার্দো ভি. রিয়েলা বলেন, কয়েক বছর আগেও জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানুষের শরীরে কার্যকর হবে কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় ছিল। এখন গবেষকদের মূল লক্ষ্য হলো, এই কিডনি কত দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর রাখা সম্ভব, তা নিরূপণ করা।
চিকিৎসকদের চূড়ান্ত লক্ষ্য হলো, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনকে ডায়ালাইসিসের একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। এতে কিডনি প্রতিস্থাপনের জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকা অসংখ্য রোগী নতুন জীবনের আশা দেখতে পাবেন।
