রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন জমার সময় শতবার পেছালো
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০০ বার পেছালো। আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদনটি জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি এদিনও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। চুরি হওয়া এই অর্থ ফিলিপিন্সে পাঠানো হয়েছিল। ঘটনার সময় সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার করা হয়েছে।
ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। অর্থপাচার প্রতিরোধ আইনে করা এই মামলায় কাউকে সরাসরি আসামি করা হয়নি। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসোর আকারে তিনটি ক্যাসিনোতে চলে যায়। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলারের কোনো হদিস মেলেনি।
এই অর্থ উদ্ধারের আশায় ২০১৯ সালে নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ২০২২ সালের এপ্রিলে আদালত আরসিবিসির বিরুদ্ধে করা সেই মামলাটি খারিজ করে দেয়। রায়ে বলা হয়, মামলাটি বিচারের পর্যাপ্ত এখতিয়ার ওই আদালতের নেই। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নিউ ইয়র্কের ‘এখতিয়ারভুক্ত’ আদালতে নতুন করে মামলা করা হয়েছে।
