ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জাতীয় সংকট নিরসনে সাত দফা প্রস্তাব ইসলামী ফ্রন্টের

প্রকাশিত: 25 November 2026, 4:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনের লক্ষ্যে সাত দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। এ সময় তিনি মব সন্ত্রাস, গণপিটুনি, দখলবাজি এবং বিচারবহির্ভূত সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া ৫ আগস্টের পর সংঘটিত সব অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দলটির উত্থাপিত সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন, গণপিটুনি ও দখলদারত্ব বন্ধ এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়। দলটি জানায়, স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে চুক্তিটির অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করতে হবে এবং দেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত থাকলে তা সংশোধন বা প্রয়োজনে চুক্তিটি বাতিলের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি জানায়, সেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে পার্বত্য এলাকায় স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের প্রস্তাবও দিয়েছে ইসলামী ফ্রন্ট।

মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতার পরিবর্তনে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই এর সার্থকতা নিহিত। জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব কোনো একটি দলের নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক শক্তির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন