প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বুধবার তিনি এ কথা জানান। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি শুরু করেছে।
দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতকে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগানের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদে আরও স্বনির্ভর হয়ে উঠবে। একই সঙ্গে স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য ও পশুজাত উপজাত এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস ও পোলট্রি পণ্য রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ প্রাণিসম্পদ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনের পশু পালনে সীমাবদ্ধ নেই, বরং তা দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি যুক্ত সব খামারি, উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
