মেডিক্যাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। বুধবার (২৬ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। এরপর ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালের আগের ব্যাচের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। এছাড়া উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পর্যায়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকা বাধ্যতামূলক। দুই পরীক্ষা মিলিয়ে জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ এর নিচে থাকলে আবেদন করা যাবে না।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) অংশে ১০ নম্বর থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
মেধাতালিকা তৈরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ভিত্তি করে মোট ১০০ নম্বর গণনা করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জিপিএ’র ৮ গুণ (সর্বোচ্চ ৪০ নম্বর) এবং এইচএসসি পরীক্ষার জিপিএ’র ১২ গুণ (সর্বোচ্চ ৬০ নম্বর) যোগ করা হবে।
এ বছর সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন সংখ্যা ৫ হাজার ২৭০টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, শের-ই-বাংলা বরিশাল, রংপুর এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ২২৫টি করে আসন রয়েছে। এছাড়া সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে মোট ৫৪৫টি আসন রয়েছে, যার মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি আসন বরাদ্দ আছে।
আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগের মাধ্যমে জমা দেওয়া যাবে। ভর্তিচ্ছুরা https://dgme.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
