অবৈধ পাইলিংয়ে কেরাণীগঞ্জে গ্যাস পাইপলাইন লিকেজ, বন্ধ সরবরাহ
নিজস্ব প্রতিবেদক:
কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় অবৈধ পাইলিংয়ের কারণে গ্যাস পাইপলাইনে মারাত্মক লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে দক্ষিণ কেরানীগঞ্জের আশপাশের বেশ কয়েকটি এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং কাজ চালানোর ফলে এই লিকেজের সৃষ্টি হয়। খবর পেয়েই পাইপলাইন মেরামতের জরুরি কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেরামত কাজের কারণে দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। জরুরি এই মেরামত কাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকায় পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
