ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চলছে ৩০ হাজার টাকার দাবি, তিন কারখানায় কর্মবিরতি

প্রকাশিত: 26 November 2026, 3:51 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসিন্তোষের পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।

মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে অধিকাংশ পোশাক শ্রমিক কাজে যোগ দিয়েছেন।

এর ফলে বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলেও এখনও তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ২২টি কারখানায় এবং শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২১টি কারখানা।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কর্মবিরতি পালন করা তিনটি কারখানা হলো-ম্যাংগো টেক্স, গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড ও মারমা কম্পোজিট। এসব কারখানার শ্রমিকদের একাংশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে অনেক কারখানার মালিকপক্ষ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। মালিকপক্ষের এ সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে ফিরেছেন। ফলে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হতে শুরু করেছে।

তবে কিছু কারখানার শ্রমিক এখনো ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অনড় রয়েছেন। তাদের কর্মবিরতির কারণে সংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এদিকে মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ থাকা ২১টি কারখানা এখনও চালু হয়নি। পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণার কারণে ২২টি কারখানার উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি।

মন্তব্য করুন