রূপসী বাংলা বন্ধ, বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক:
খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর পরিবর্তে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে একটি নতুন ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ট্রেনটি খুলনা থেকে পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মোছা. পারভীনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সে অনুযায়ী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।
পরিপত্রে জানানো হয়, গোপালগঞ্জ জেলা ও তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বৃহস্পতিবার খুলনা-ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারী ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল বাতিল করা হয়।
যশোর রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, সাময়িকভাবে বেনাপোল-ঢাকা এবং খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী এই দুটি ট্রেন বন্ধ থাকলেও বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চালু রাখা হয়েছে। অন্যদিকে, বেনাপোল রেলওয়ের অপর স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ট্রেন বাতিলের কারণে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে এবং খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। ট্রেনটি আপ ও ডাউনে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি করবে এবং চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় হল্ট করবে।
