ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের চূড়ান্ত অপারেশন শুরু
জেলা প্রতিনিধি:
টানা ৩০ দিন ধরে অবিরাম জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ এই বিশেষ অপারেশন শুরু হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের পর আগুনের তীব্রতা ও চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধের পুরো কার্যক্রমটি সম্পন্ন করা হবে। তবে এর আগে সকালে একবার আগুন নেভানোর চেষ্টার মাত্র ৭ মিনিটের মাথায় সেটি পুনরায় জ্বলে ওঠে।
এ বিষয়ে বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানিয়েছেন, আজ প্রথমে তারা আগুনের তীব্রতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনবেন। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি থামানোর চেষ্টা করা হবে। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হলে সর্বশেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে সিল করে দেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, এটি কেবল সাধারণ কোনো পকেট গ্যাসের ঘটনা নাও হতে পারে। তাদের প্রাথমিক মূল্যায়নে ওই এলাকায় একটি পূর্ণাঙ্গ গ্যাসক্ষেত্র থাকার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গেই ইনানী ও এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভূতাত্ত্বিক জরিপ কাজ শুরু হবে।
ওই জরিপ শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এরপর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা সঠিক রিজার্ভের প্রকৃত অবস্থান নির্ধারণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে অবস্থিত পরিত্যক্ত একটি নলকূপ থেকে প্রথমে পানি এবং পরবর্তীতে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। ঘটনার শুরুতে এটিকে সীমিত পরিসরের পকেট গ্যাস মনে করে প্রায় ১৫ দিন স্বাভাবিকভাবে আগুন জ্বলতে দেওয়া হয়েছিল।
তবে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও আগুন না নিভে বরং একইভাবে জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা বড় কোনো গ্যাসের মজুত থাকার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেন। এরপরই দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধ করার আনুষ্ঠানিক পরিকল্পনা হাতে নেওয়া হয়। দীর্ঘ প্রস্তুতি ও প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহের পর অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত অপারেশন শুরু হলো। এই অপারেশন সফলভাবে সম্পন্ন করা গেলে পরবর্তী সময়ে সম্ভাব্য এই গ্যাসক্ষেত্রের প্রকৃত মজুত ও বিস্তৃতি নির্ণয়ে আরও বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান চালাবে বাপেক্স।
