ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৬ ডিসেম্বর

প্রকাশিত: 26 November 2026, 7:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গি আখ্যা দিয়ে ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে সাত যুবককে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানির এ তারিখ নির্ধারণ করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সিফাত মাহমুদ।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে যে নিহত সাতজনকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাদের দীর্ঘদিন গুম করে রেখে গাজীপুরের পাতারটেকে একটি বাড়িতে নিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহত সাতজনের একজন ইবরাহীম যাত্রাবাড়ীর একটি মাদরাসায় পড়াশোনা করতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বাবা ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে সংস্থাটি প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে।

তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে গত ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনা, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জঙ্গি আখ্যা দিয়ে সাত যুবককে হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ আনা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, আরিফুর রহমান মণ্ডল ও এসএম জাহাঙ্গীর হাছান।

মন্তব্য করুন