হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনা ও জনবলের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে কোনো অবস্থাতেই বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা যাবে না। যদি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তবে পুরো জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমের কাছে এই সতর্কবার্তার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কর্মীরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের ওপর হামলা হলে আমরা কীভাবে সেবা দেব? এ কারণেই বলা হয়েছে, আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে অনিবার্যভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
