দক্ষ কর্মী গড়তে নতুন উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন এই আশা করি।’ এ সময় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী এদিন সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী দেশটির উদ্দেশে যাত্রা করেন। দীর্ঘ আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছিলেন।
