সাকিবকে নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ নাজমুল হোসেন শান্তর

অনলাইন ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব আল হাসানকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং প্রতিবারই সাকিবকে মিস করার কথা বলছেন বাংলাদেশ দলের সদস্যরা। তবে এবার সাকিব প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবারের সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্নের উত্তরে শান্ত বলেন, “সাকিবকে অবশ্যই মিস করব, তবে এই প্রশ্ন কেন করছেন আমি জানি না। সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব। থাকলে ভালো হতো, কিন্তু আমি মনে করি, এক টুর্নামেন্টের আগে এই প্রসঙ্গে বেশি কথা বলা উচিত নয়।”

শান্ত আরও বলেন, “ঐ ম্যাচে সাকিব ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন এবং দলের জয়ে অনেক সহায়তা করেছেন। যে দায়িত্ব পাবে, সেই সাকিবের রোল প্লে করবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দলের প্রস্তুতি নিয়ে শান্ত জানান, বিপিএলে ম্যাচ না খেললেও প্রস্তুতিতে কোনো সমস্যা হয়নি। ‘‘আলহামদুলিল্লাহ, আমি ভালো অবস্থানে আছি। নিয়মিত অনুশীলন করেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি, বিপিএল সময়টা ভালোভাবে প্রস্তুতি নেওয়া গেছে। আশা করছি, টুর্নামেন্ট ভালো যাবে,’’ বলেন তিনি।

নিজেকে ভালো ব্যাটার হিসেবে দাবি করেছেন শান্ত, ‘‘গত ওয়ানডে আফগানিস্তানের বিপক্ষে ভালো ইনিংস খেলেছিলাম। গত বছর রান মোটামুটি করেছি, তবে স্ট্রাইক রেট তেমন আপ টু দা মার্ক ছিল না। আমি বিশ্বাস করি, আমি এর চেয়েও ভালো ব্যাটার।’’

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে মন্তব্য করেন শান্ত, ‘‘নির্দিষ্ট চিন্তা করছি না, তবে ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ড- তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সাথেই কষ্ট করে খেলতে হবে।’’

শেষে দলের ১৫ জন সদস্যের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ব্যক্ত করে শান্ত বলেন, ‘‘যে ১৫ জন স্কোয়াডে আছে, সবাইকে নিয়ে খুবই খুশি এবং আত্মবিশ্বাসী। যে খেলবে, সে একা হাতে ম্যাচ জেতাতে পারে। এই সামর্থ্য সবার আছে।’’