‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি গতকাল বুধবার ইতালির রোমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের ৪৮তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় ড. ইউনূস ইফাদকে বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে তাদের অবদান জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের কৃষি ও জলবায়ু খাতে ইফাদের দীর্ঘ ৪০ বছরের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি ইফাদ-সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর বিশেষ প্রশংসা করেন, বিশেষ করে বাংলাদেশে গ্রামীণ নারীদের ক্ষমতায়নমূলক প্রকল্পগুলোর কথা উল্লেখ করেন।

ড. ইউনূস তার ‘সামাজিক ব্যবসা’ ধারণাকে গ্রামীণ উন্নয়নের নতুন একটি মাত্রা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “তরুণরা আমাদের ভবিষ্যৎ নেতা এবং চেঞ্জ-মেকার। তাদের সৃজনশীলতা, উদ্ভাবন ও আবেগ একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে সক্ষম।” তিনি ইফাদ-এর গভর্নিং কাউন্সিলকে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো, টেকসই কৃষি চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানে আরও বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ইফাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবচেয়ে অরক্ষিত জনগণের জন্য সুযোগ সৃষ্টি এবং একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।” অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ইফাদ গভর্নিং বোর্ডের গভর্নর হিসেবে অংশ নেন।