ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১:১৫ মিনিটে তিনি দুবাই পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান। ড. আহমেদ বেলহৌল আল ফালাসি, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং সম্মেলনের ১০ বছরের ইতিহাস ও আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে অবহিত করেন।

এ সময়, দুই নেতা দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও আলোচনা করেন।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।