ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়ায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এমভি এনজয় প্রসপারিটি জাহাজটি এই গম নিয়ে বন্দরে এসে পৌঁছায়।

এই গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইউক্রেন থেকে আমদানি করা হয়েছে এবং এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা প্রথম খাদ্য শস্যের চালান।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।

ইমদাদ ইসলাম জানান, ৩১ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে এবং বাকি ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসে আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।