রমজানে ১৫ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

অনলাইন ডেস্ক:

রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় সরকার এক কোটি পরিবারকে ঈদুল ফিতরে এক লাখ মেট্রিক টন চাল উপহার হিসেবে দেবে।

গতকাল কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা জানান, দেশে খাদ্যশস্যের সরকারি মজুত এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে দেশে চালের সংকট হবে না এবং দামও সহনশীল থাকবে। বর্তমানে দেশে ১৩ লাখ টন চাল ও গম মজুত রয়েছে।

তিনি আরও বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়া, রমজান মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের দাম সহনশীল রাখতে সরকারের পদক্ষেপ নেয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ কম দামে চাল পেতে পারেন।