বিদেশি নাগরিকরা বাংলাদেশ ভ্রমণে অন-অ্যারাইভাল ভিসা পাবেন মাত্র ১০ মিনিটে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে বিদেশি নাগরিকরা এখন মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা পাবেন, এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা/ট্রানজিট ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “বর্তমানে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পেতে ৪৫ মিনিট বা এক ঘণ্টা সময় লেগে যেত, কিন্তু আমাদের নতুন সিস্টেমের মাধ্যমে এই প্রক্রিয়া এখন ১০ মিনিটের মধ্যে সম্পন্ন হবে।” তিনি আরও জানান, বিদেশিরা অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য জমা দেবেন এবং কোড পাবেন। বিমানবন্দরে পৌঁছালে তারা ওই কোডটি দিয়ে ডলার পেমেন্ট করলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন।

ভিসার মেয়াদ এক মাস হবে এবং পেমেন্ট ফি ক্যাশ বা কার্ডে পরিশোধ করা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে সময় লাগবে, শুধু সেই সময়টাই খরচ হবে।”

পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে তিনি পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথাও জানান। তবে, তিনি বলেন, “পুলিশ ভেরিফিকেশন যদি রাখা হয় তবুও পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হচ্ছে।”