গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে সবাই একসঙ্গে কাজ করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধ্যাপক ইউনূস সভাপতিত্ব করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা চালাবেন। তিনি তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বলেন, আমাদের সকলের দায়িত্ব, তাদের আত্মত্যাগকে স্মরণ রেখে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করা।

অধ্যাপক ইউনূস আরও বলেন, যেসব ছাত্র-জনতা ত্যাগ স্বীকার করেছে, তাদের আত্মত্যাগ ছাড়া আজকের সুযোগ পেতাম না। বহু বছর ধরে আমাদের মনে প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা সেই সুযোগ পেয়েছি।