বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১,৯০০ মেট্রিক টন আলু আমদানি

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ট্রেনে আরও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ৪২টি ওয়াগনে ভারতীয় পাঞ্জাব থেকে এই আলুর চালান বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, চালানটি বুধবার (১৮ ডিসেম্বর) সকালেই খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ লজিস্টিক সার্ভিসের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু বলেন, “মালবাহী ট্রেনে ১,৯০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার রাতের কার্যক্রম শেষে আলুবাহী ট্রেনটি আজ (বুধবার) সকালে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে আনলোড করার পর আলুগুলো দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।”

বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, “এই চালানে ৩৮ হাজার ব্যাগ আলু রয়েছে, যার মোট ওজন ১৯ লাখ কেজি। পণ্যটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, এবং বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি আলুর মূল্য সাড়ে ২৮ টাকা।” তিনি আরও বলেন, “চালানটি দ্রুত ছাড়করণের জন্য যথাযথ সহযোগিতা করা হয়েছে।”

এটি ভারতের পাঞ্জাব থেকে আমদানি হওয়া আলুর নতুন চালান, যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।