রাজশাহীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত, তিনজন আহত

জেলা প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) সকাল ৬টার দিকে।

নিহতরা হলেন— অ্যাম্বুলেন্সের চালক জাফর ইকবাল জুয়েল (৪৫), সুন্দরী রানী (৬৫) এবং আদরী রানী (৩৮)। আহতদের মধ্যে একজন নারীসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অ্যাম্বুলেন্সটি হৃদরোগে আক্রান্ত সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাক রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানিয়েছেন, আহত তিনজনকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।