নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন, যেখানে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ দেশেই দেখতে পারে। তিনি বলেন, “শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম এবং আমি চাই, আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের ভিতরেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে।”
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তার নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। সিআর আবরার আরও জানান, দেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং মানুষ এখন মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। তিনি বলেন, “এটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।”
তিনি উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থা একটি বিশাল ক্ষেত্র এবং জনগণের অর্থে আমরা বড় হয়েছি, তাই জনগণের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু এর ভিত্তিপ্রস্তর তৈরি করতে চান।
নতুন দায়িত্ব গ্রহণের সময়ে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা কমিশন নিয়ে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে বেশ কয়েকটি শিক্ষা কমিশন গঠন করা হলেও তারা কি আসল সমস্যার সমাধান করতে পেরেছে? তিনি বলেন, “এত কম সময়ে সমস্যা সমাধান সম্ভব নয়, আমরা আরও দূরদর্শী ও কার্যকর কমিশন চাই।”
তিনি আরও বলেন, “বেসরকারি খাতের শিক্ষকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি, তাই নতুন কমিশনকে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”
ড. মাহমুদ যোগ করেন, “কারিকুলাম উন্নত করার পর যদি প্রশিক্ষিত শিক্ষক না থাকে, তবে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিশৃঙ্খল ও অবিন্যস্ত, যা সময়মতো সমাধান করা উচিত।”










