নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি করা হবে। তিনি আরও জানান, ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে ১৩ মার্চের মধ্যে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
১০ মার্চ, সোমবার, জাতীয় সংসদ ভবনের এলডি হল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, “দেশের সব রাজনৈতিক দলকে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনগুলোর হার্ড ও সফটকপি পাঠানো হয়েছে। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা তিন দফা বৈঠক করে সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো চিহ্নিত করেছেন।”
তিনি আরও জানান, পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছকের আকারে বিন্যস্ত করা হয়েছে এবং এ পর্যন্ত ১৬৬টি সুপারিশ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে:
সংবিধান সংস্কার: ৭০টি
নির্বাচন ব্যবস্থা সংস্কার: ২৭টি
বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ: ২৩টি
জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ: ২৬টি
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত সুপারিশ: ২০টি
আলী রীয়াজ বলেন, “প্রতিটি সুপারিশের বিষয়ে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি, সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। দ্বিতীয়টি, সংস্কারের সময় ও বাস্তবায়নের উপায় সম্পর্কে মতামত চাওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “দলগুলোকে ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে এবং মতামত প্রাপ্তির পর আলোচনা শুরু করা হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যরা, যারা বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।
এছাড়া, এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ রাজনৈতিক দলের উপর নির্ভর করবে এবং দ্রুত আলোচনা শুরু করার জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলে জানান আলী রীয়াজ।











