নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আমিনুল ইসলাম নিজেই বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার পদত্যাগের জন্য তাগিদ দেওয়া হচ্ছিল। তাই আজ দুপুর ২টার দিকে আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
গত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারে কয়েক দফা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২৩ জন উপদেষ্টা রয়েছেন।
সম্প্রতি অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর ফলে এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
এর আগে, গত নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা উপদেষ্টাদের সহযোগিতা করছিলেন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।











