আইসক্রিম খাওয়ার অপরাধে মাকে ধরতে পুলিশ ডাকল চার বছরের ছেলে

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি মজার ঘটনা ঘটেছে, যেখানে মাত্র চার বছরের এক শিশু তার মায়ের বিরুদ্ধে পুলিশ ডেকেছে! অভিযোগ? মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএসএলএস ১০ নিউজ জানায়, উইসকনসিনের মাউন্ট প্লেজেন্ট এলাকা থেকে ৯১১ নম্বরে একটি কল আসে। পুলিশ কর্মকর্তা ফোন ধরতেই শিশুটি অভিযোগ করে, “আমার মা খুব খারাপ করেছে।”

কর্তব্যরত নারী পুলিশ কর্মকর্তার জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার মা অন্যায় করেছেন এবং পুলিশকে এসে তাকে ধরে নিয়ে যেতে হবে। প্রথমে পুলিশ বুঝতে পারেনি কী ঘটেছে, তবে শিশুটির মা ফোন হাতে নিয়ে হাসতে হাসতে স্বীকার করেন, তিনিই ছেলের আইসক্রিম খেয়ে ফেলেছেন।

চার বছরের শিশুটি এতটাই রেগে গিয়েছিল যে, সে নিজেই ৯১১ নম্বরে কল করে বিচার চেয়েছে। মা এবং পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করলেও, সে একেবারেই ক্ষান্ত হচ্ছিল না।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে হাস্যকর পরিস্থিতির সম্মুখীন হয়। তবে তারা শিশুটিকে বুঝিয়ে বলে, তার মা কোনো বড় অপরাধ করেননি। কিছুক্ষণ পর শিশুটির রাগ কমে যায়, তবে তার বক্তব্য স্পষ্ট—সে আইসক্রিম চেয়েছিল, কিন্তু পায়নি।

পুলিশ কর্মকর্তারা পরে শিশুটিকে সারপ্রাইজ দিতে ফের তার বাড়িতে আসেন এবং তাকে আইসক্রিম উপহার দেন। খুশিতে আত্মহারা শিশুটি তখন পুলিশের সঙ্গে হাসিমুখে ছবি তোলে।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, এবং অনেকেই এটিকে শিশুদের সরলতার এক মজার উদাহরণ হিসেবে দেখছেন।