Wednesday, September 30, 2026
31 C
Dhaka
Wednesday, September 30, 2026

কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র প্রচারে ভারত যেতে না পারার আক্ষেপ পরীমণির

অনলাইন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি তার প্রথম কলকাতার সিনেমা ফেলুবক্সী মুক্তি পেয়েছে। তবে, সিনেমাটির প্রচারে ভারতে যেতে না পারার কারণে মন খারাপ করেছেন তিনি। ভিসা না পাওয়ার কারণে পরীমনি কলকাতায় যেতে পারছেন না, যা তার জন্য খুবই কষ্টের। গত বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি তার এই দুঃখের কথা জানান।

ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, “১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।” তিনি আরো লেখেন, “ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।”

সিনেমার প্রচারে অংশ নিতে না পারলেও পরীমনি তার ভক্তদের জন্য বার্তা দিয়েছেন, “কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।”

ফেলুবক্সী সিনেমার পরিচালক দেবরাজ সিনহা। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, আর পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সিনেমাটি থ্রিলার ঘরানার এবং এতে রহস্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরীমনি অভিনয় করছেন। সিনেমার চরিত্রটি নিয়ে পরীমনি বলেন, “লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা পেরেছি, সেটি দর্শক বলবেন।”

এছাড়া, সিনেমায় পরীমনির পাশাপাশি সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারও অভিনয় করেছেন।

হাজারীবাগের ট্যানারি গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিস্তারিত আসছে…….

নাটোরে ছাত্রলীগের সাবেক নেতা রিয়াজুল ইসলাম মাসুম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

হত্যাসহ সাতটি মামলার পলাতক আসামি এবং ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে পাবনার রুপপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মাসুম গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রুপপুর এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা নাটোর সদর থানায় খবর দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মাহাবুর রহমান আরও জানান, মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা, নির্যাতন এবং হত্যাসহ সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তার গ্রেপ্তার এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হৃদয় মৃধা, কাশিয়ানী টেকনিকেল স্কুলের ছাত্র বিশাল নাগ এবং কাশিয়ানী উপজেলার বাসিন্দা দীপু দাস।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তিন যুবক মোটরসাইকেলে করে খেজুরের রস খেতে যাচ্ছিলেন। মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই আবদুল্লাহেল বাকি। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটির পরিচয় জানার চেষ্টা চলছে।

বাজারে সিন্ডিকেটের দাপট: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

ফাইল ছবি

মোঃ সাকিক হারুন ভূঁইয়া:

দেশে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও অসাধু সিন্ডিকেটের সক্রিয়তার কারণে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

প্রতিযোগিতা কমিশনের তথ্যানুযায়ী এ পর্যন্ত সাধারণ চাল ও কর্পোরেট চালে ২০টি, ভোজ্য তেলে ৯টি, ডিম নিয়ে কারসাজি করায় ১৭টি, মুরগী সিন্ডিকেট ৯টি, পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে একটিসহ বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ১২০টি মামলা করেছে। কিন্তু তারপরও কমছে না সিন্ডিকেটের কারসাজি।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে চাল, চিনি, পোল্ট্রি ফিডসহ বিভিন্ন পণ্যের দাম বিশ্ববাজারে কমলেও স্থানীয় বাজারে এর কোনো প্রভাব নেই। বরং সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির কারসাজি অব্যাহত রয়েছে।

শীতকালীন সবজির ক্ষেত্রেও একই চিত্র। কৃষকরা যেখানে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজি ২-৩ টাকায় বিক্রি করছেন, সেখানে ঢাকায় এসব পণ্য বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এতে মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটলেও কৃষকরা পাচ্ছেন না ন্যায্যমূল্য।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগিতা কমিশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এতেও বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে না। ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানিয়েছেন, কিছু সিন্ডিকেট সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার স্বীকার করেছেন যে বাজারে সিন্ডিকেট সক্রিয় এবং তাদের দৌরাত্ম্যে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি।”

তবে খামারিরা মনে করেন, পোল্ট্রি ফিডের দাম কমানো হলে ডিম ও মুরগির দাম কমানো সম্ভব। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সমীক্ষা অনুসারে, দেশের মুরগির বাচ্চা ও খাদ্যের দাম ভারত এবং পাকিস্তানের তুলনায় অনেক বেশি। সিন্ডিকেটের কারসাজির কারণে এই বাড়তি মূল্য ধরে রাখা হচ্ছে।

অভিযোগ রয়েছে, সরকারের কঠোর অবস্থানের অভাবেই সিন্ডিকেটগুলো দাপটের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু, পুড়ে ছাই শতাধিক ঘর

জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ৫ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এতে পুড়ে গেছে শতাধিক ঘর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যাম্পের চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এ সময় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়। তবে মৃত শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর মধ্যেই শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিরোজপুরে বাসচাপায় দুই যুবক নিহত, আহত ১

জেলা প্রতিনিধি :

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় বাসচাপায় রিয়াদ কাজী ও মো. শাহিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের এক যাত্রী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ কাজী পূর্ব উত্তর শংকরপাশার বাসিন্দা এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাসটি খাদে পড়ার সময় রিয়াদ ও শাহিনসহ এক যাত্রীকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় তিনি কিয়েভে পৌঁছানোর পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে, যা শহরের নিরাপত্তা ব্যবস্থা ও পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

কিয়েভের কর্মকর্তারা জানায়, বিমান বাহিনী শত্রুদের ড্রোন হামলা সতর্ক করার পর, শহরের কেন্দ্রস্থলে শত্রুদের লক্ষ্যবস্তু প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এদিকে, এএফপি বার্তা সংস্থা জানায়, কিয়েভের আকাশে একটি ড্রোন উড়ে যেতে দেখা গেছে।

এটি ঘটার একদিন পর, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার এঙ্গেলস শহরে সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোতে হামলা চালায়, যার ফলে দুই দমকলকর্মী প্রাণ হারান। ইউক্রেনের দাবি, এই হামলার ফলে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলা চালানোর সক্ষমতা কমে গেছে।

গোটা ঘটনার পর, ৮ জানুয়ারি উভয় পক্ষ একে অপরের বিদ্যুৎ ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলার দাবি করেছে। রাশিয়া এবং ইউক্রেন নিয়মিতভাবে একে অপরের অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

এছাড়া, গত মাসের শেষ দিকে ইউক্রেন রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোনের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালিয়ে রাশিয়ার ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা ইউক্রেনের পক্ষ থেকে এক বড় সফলতা হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রসঙ্গত, গত প্রায় ৩৫ মাস ধরে রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইন্দোনেশিয়ায় চালু হলো করপোরেট ট্যাক্স

অনলাইন ডেস্ক:

ইন্দোনেশিয়ায় ১ জানুয়ারি থেকে বৈশ্বিক সর্বনিম্ন ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স কার্যকর হয়েছে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক করনীতির একটি ঐতিহাসিক চুক্তির অংশ, যা ২০২১ সালে ইন্দোনেশিয়াসহ ১৪০টি দেশ স্বাক্ষর করেছিল।

ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় এই ট্যাক্স বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এই নতুন কর সিস্টেমটি বহুজাতিক কোম্পানির ওপর আরোপ করা হবে, যাদের বার্ষিক টার্নওভারের পরিমাণ ৭৫০ মিলিয়ন ইউরো (৭৭০ মিলিয়ন ডলার) বা তার বেশি।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এর তত্ত্বাবধানে এই চুক্তিটি পরিচালিত হয়, যা দেশগুলোর মধ্যে করপোরেট মুনাফার ওপর সর্বনিম্ন ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দেয়। ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নীতি এজেন্সির প্রধান, ফেব্রিও ক্যাকারিবো, এই নতুন নীতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি ট্যাক্স ফাঁকির প্রবণতাগুলো বন্ধ করতে সহায়ক হবে, বিশেষ করে ট্যাক্স হ্যাভেনের মাধ্যমে যে ফাঁকি দেওয়া হতো, তা নিয়ন্ত্রণ করা যাবে।

এছাড়া, ফেব্রিও ক্যাকারিবো উল্লেখ করেছেন, এই নতুন ট্যাক্স নীতি বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে না। বরং প্রবৃদ্ধি উন্নয়ন সহায়ক এমন খাতে আরও প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হবে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

 

তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে নারাজ অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল জানিয়েছেন, দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না। তার আইনজীবীরা গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইউন ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার ঘটনায় আটক হন, এবং এই ঘটনায় তদন্ত চলছে।

গত বুধবার তাকে নিজ বাড়ি থেকে আটক করে, পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়। সেখানে ১০ ঘণ্টার বেশি সময় ধরে চলা জিজ্ঞাসাবাদে ইউন সিদ্ধান্ত নেন, তিনি আইনি অধিকার অনুযায়ী নীরব থাকবেন। এর পরিপ্রেক্ষিতে, তদন্তকারী কর্মকর্তারা তাকে দ্রুত আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করার চেষ্টা করবেন।

ইউনের বিরুদ্ধে এই তদন্ত চলছে, যাতে জানা যায়, তিনি সামরিক আইন জারি করে দেশদ্রোহের অপরাধ করেছেন কিনা। পুলিশ ও সামরিক বাহিনী যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে। আটকের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আদলতের আদেশ পাওয়া যায়, তবে তাকে গ্রেফতার করা হতে পারে। অন্যথায়, তাকে ছেড়ে দিতে হবে।

এদিকে, ইউনের আইনজীবীরা পুরো তদন্ত প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেছেন। তারা সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে ইউনের মুক্তির জন্য আবেদন করেছেন। তাদের দাবি, সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের পরোয়ানা অগ্রহণযোগ্য।

এছাড়া, ইউনের আইনজীবী সেওক ডং-হ্যেওন জানিয়েছেন, সাংবিধানিক আদালতের শুনানিতে ইউনের উপস্থিতি নিরাপত্তা শঙ্কার কারণে সম্ভব হয়নি। আদালত প্রাঙ্গণে তার হাজার হাজার সমর্থক ইউনের মুক্তির দাবি জানিয়ে সমবেত হন।

এখন যদি গ্রেফতারের অনুমতি দেওয়া হয়, তবে ২০ দিন পর্যন্ত তাকে হেফাজতে রাখা যেতে পারে। এই সময়ের মধ্যে মামলাটি পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হবে। তবে যদি দেশদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রসিকিউটররা মামলা দায়ের করেন, তাহলে ইউন ছয় মাস পর্যন্ত আটক থাকতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা প্রাণদণ্ডের শাস্তি হতে পারে।

সর্বশেষ খবর

এআই ব্যবহার করে প্রতারণার শিকার হলেন বৃদ্ধ নারী

0
অনলাইন ডেস্ক: এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে ২৯ বছর বয়সী চিকিৎসক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ মাসে ১ লাখ ৭০ হাজার ইউয়ান হাতিয়ে...