Sunday, September 27, 2026
33 C
Dhaka
Sunday, September 27, 2026

অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

এলজিআরডি (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই এবং আমাদের (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার লক্ষ্যে তাদের চলমান ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা জরুরি, যাদের পরিকল্পনা ছিল আমাদের সরকারের কার্যক্রম ব্যাহত করার।”

এদিন স্থানীয় সরকার উপদেষ্টা জানান, তিনি উত্তরবঙ্গের একটি কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন, কারণ সচিবালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি আরও বলেন, “আমরা বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ঘটে যাওয়া অর্থ লোপাট এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।”

তিনি আরও বলেন, “এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা এবং তার ফলে একজনের মৃত্যু ও ২-৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’’ তিনি আরও বলেন, ‘‘সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়।’’

মির্জা ফখরুল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার এবং তাদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবার এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৬ ঘণ্টা পর, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপণের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহন হন মো. সোহানুর জামান নয়ন নামে একজন ফায়ার ফাইটার। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৭ নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগ অবস্থিত, এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উল্লেখযোগ্য।

সচিবালয়ের অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি: এফএসসিডি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে আজ (২৬ ডিসেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বেলা পৌনে ১১টা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। আগুন নেভানোর জন্য ১০টি অগ্নিনির্বাপক ইউনিট মোতায়েন করা হয়েছিল এবং দুটি বড় অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সচিবালয়ের একটি গেট ভাঙতে হয়েছে।

এই অগ্নিকাণ্ডে সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তলায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ অবস্থিত, এর মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ঘটনাস্থল থেকে ইউএনবির জ্যেষ্ঠ সংবাদদাতা জানিয়েছেন, মেঝেগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই অগ্নিকাণ্ড নাশকতামূলক কিনা তা তদন্তের মাধ্যমে বের করা যাবে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর একটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক পরিস্থিতি শনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

কামরুল ও সোলাইমান কে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার একটি আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ (২৬ ডিসেম্বর) তাদের চারদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস জামান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এডভোকেট কামরুল ইসলামকে ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে, এবং সোলাইমান সেলিমকে ১৩ নভেম্বর সন্ধ্যায় হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ গ্রেফতার করে।

এ ব্যাপারে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। একই দিনে পালটা সমাবেশ ডাকলে দুটি সমাবেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সহায়তায় এই হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

এর আগে, ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৮

অনলাইন ডেস্ক:

পশ্চিম কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, যা আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা করছিল। বুধবার এই দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। বিমানে মোট ৬৭ জন আরোহী ছিল। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তিন শিশুসহ ২৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। এমব্রেয়ার ১৯০ মডেলের বিমানটি আজারবাইজানীয় রাজধানী বাকু থেকে দক্ষিণ রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে উড্ডয়ন করছিল, তবে কাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানের আকতাউ শহরের কাছাকাছি এক জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে আজারবাইজানের ৩৭ জন, কাজাখস্তানের ৬ জন, কিরগিজস্তানের ৩ জন এবং রাশিয়ার ১৬ জন নাগরিক ছিলেন।

রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা কাজাখ উপ-প্রধানমন্ত্রী কানাত বোজুম্বায়েভকে উদ্ধৃত করে জানিয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়, ৩৮ জন মারা গেছে।

আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা এই মুহূর্তে কোনো তদন্তের ফলাফল প্রকাশ করতে পারছি না। পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ বিশ্লেষণ চলছে।”

এছাড়া, আজারবাইজানের ডেপুটি প্রসিকিউটর জেনারেলের নেতৃত্বে একটি তদন্তকারী দল কাজাখস্তানে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, কাজাখস্তানের পরিবহন মামলার দায়িত্বে থাকা প্রসিকিউটর তৈমুর সুলেমানভ বলেছেন, বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে এবং তার মাধ্যমে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

সচিবালয়ের অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের আভাস

নিজস্ব প্রতিবেদক:

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। তিনি জানান, এই অগ্নিকাণ্ডের মাধ্যমে একটি বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১২ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এই সমাবেশে তিনি দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, “আজ আমাদের ছাত্রসমাজ ও রাজনৈতিক সমাজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে, জুলাই মাসের চেয়েও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ার।” তিনি আরো বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে বলছি, আমরা আপনাদের শত্রু নই, তবে যদি আপনি জনগণের মতামত বুঝতে ব্যর্থ হন, তবে ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রামী চেতনায় চিড় ধরেছে, বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে। শেখ হাসিনার পতনের পর যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, আমরা তাদের আশীর্বাদ দিয়েছিলাম, তবে তারা একের পর এক ভুল করতে থাকায় জাতীয় ঐক্যে ফাটল দেখা দিচ্ছে।”

১২ দলীয় জোট প্রধান বলেন, “যদি আমরা জুলাইয়ের পর তৈরি হওয়া ঐক্যটি বজায় রাখতে না পারি, তবে জাতীয় ঐক্যবিরোধী শক্তিরাই সবচেয়ে বেশি খুশি হবে।”

তিনি আরো বলেন, “দেশের সীমান্তের চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উপেক্ষা করা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, তা মোকাবিলা করার জন্য আমাদের আরও সুদৃঢ় ঐক্য গড়তে হবে।”

ময়মনসিংহে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪

জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রশিদের শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অসুস্থ এক স্বজনকে দেখতে একটি সিএনজি অটোরিকশায় পাঁচজন নেত্রকোণা যাচ্ছিলেন। পথে তাদের সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের চাপায় দুর্ঘটনার শিকার হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত ব্যক্তি অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় চক্রবর্তী।

১৫ বছর শাসনকারীরা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছেন

জেলা প্রতিনিধি :

বিগত একটানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারকে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের শাসকরা দেশকে সুশাসিত না করে নিজেদেরই সাজিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশটা আধ্যাত্মিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে। নানা ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করেন। তবে, ক্ষমতায় থাকা সরকার দেশের মানুষের পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার বদলে তাদের রিজিক কেড়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, “লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ট। এ জন্য সরকার দায়ী। তারা ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। দেশের মানুষের কষ্টার্জিত টাকা তারা বিদেশে পাচার করেছে।”

ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, “এরা গণহত্যা করেছে, দেশের মানুষের ওপর গুলি ছুড়েছে। এদের কি রাজনীতি করার অধিকার আছে? স্বৈরাচার পালিয়ে গেলেও তারা দেশের সমাজকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

জামায়াতের প্রধান আরো বলেন, “আমরা এই দেশকে ভালোবাসি এবং একে গড়তে চাই। সমাজে আমাদের মা-বোনেরা সম্মানের সাথে চলতে পারবে, এবং যোগ্যতা অনুযায়ী যুবকরা কাজ পাবে। আদালত সঠিকভাবে কাজ করবে, যাতে মানুষ ন্যায়বিচার পায় এবং কোনো প্রকার কষ্টের মুখে না পড়ে। ন্যায়বিচারের জন্য মানুষকে আর আদালতের দরজায় কাঁদতে হবে না।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি :

গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন এবং সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে চলাচল শুরু করে।

শ্রমিকরা জানান, তারা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে এই আন্দোলন শুরু করেছেন। এর আগে, কারখানা কর্তৃপক্ষ কয়েকবার বেতন পরিশোধের দিন-তারিখ নির্ধারণ করলেও, প্রতিবারই তা এড়িয়ে গিয়ে তালবাহানা করেছে। গত ২৩ ডিসেম্বর হার্ডি অ্যাসোসিয়েট লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং বেতন না দেওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, গতকাল (২৫ ডিসেম্বর) ওই কারখানার শ্রমিকদের একদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল। তবে, মালিকপক্ষের অসহযোগিতার কারণে এখনো শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না।

এ পরিস্থিতি, গাজীপুরে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে এবং পুলিশ কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

গত রাতে রাজধানীর সচিবালয়ে ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা পরে সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে, রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন, এবং সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নিভিয়ে ফেলা হয় বেলা পৌনে ১১টার দিকে।

তিনি আরো জানান, ছয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়নি, এবং কীভাবে আগুন লাগলো তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। যদি কিছু পাওয়া যায়, তা সাংবাদিকদের জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

অপরদিকে, আগুনের কারণে সচিবালয়ের কর্মীরা সকাল ৯টার দিকে ভিড় জমালে প্রথমে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে পরিচয়পত্র দেখে কিছু কর্মচারীকে ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় ও বেশ কয়েকটি বিভাগ কাজ করে, যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।

অগ্নিকাণ্ডের পর সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন যে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

 

সর্বশেষ খবর

হঠাৎ কৃতির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, রহস্য ঘনীভূত!

0
অনলাইন ডেস্ক: কিছুদিন আগেই পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এবার নারীর স্বাধীনতা, পোশাক এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান...