Sunday, September 27, 2026
33 C
Dhaka
Sunday, September 27, 2026

প্রীতম হাসানের সুরে ঢাকা ক্যাপিটালসের থিম সং: শাকিব খান ও ১৫ সুপারস্টারের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক:

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস তাদের জন্য সর্বোচ্চ বাজেটের থিম সং তৈরি করছে। এই গানটির কণ্ঠ ও সুরে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। বিশেষ এই থিম সংয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানসহ আরও ১৫ জন সুপারস্টার এবং ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা।

ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, থিম সংটির প্রযোজনা অত্যন্ত জমকালোভাবে পরিচালিত হচ্ছে। এটি ঢাকার ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এই থিম সংয়ের মাধ্যমে তুলে ধরা হবে ঢাকা ক্যাপিটালসের শক্তি, উদ্যম ও ঐক্যের বার্তা। এটি শুধু একটি সংগীত নয়; বরং এটি দলের ব্র্যান্ডিং এবং ভক্তদের সমর্থন বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হবে।

গানটি শিগগিরই ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে। ইতোমধ্যে এই থিম সং নিয়ে ভক্তদের মধ্যে প্রচুর আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

থিম সংয়ে প্রীতম হাসানের মিউজিক এবং শাকিব খানসহ সুপারস্টারদের উপস্থিতি এটিকে একটি বিশেষ অভিজ্ঞতা করে তুলবে। ঢাকা ক্যাপিটালসের এই উদ্যোগ ঢাকার ক্রিকেট ভক্তদের আরও উৎসাহিত করবে।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ আশপাশের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে এই আগুন ছড়িয়ে পড়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই দাবানলে ৫৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে, যা পার্কটির প্রায় এক-তৃতীয়াংশ। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া যায়নি।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ৬০০ দমকলকর্মী কাজ করছেন। তবে ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে। ভিক্টোরিয়া স্টেট কন্ট্রোল সেন্টারের মুখপাত্র লুক হেগার্টি বলেন, “দিনের বেলায় বাতাসের গতি বাড়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”

জরুরি পরিষেবা বিভাগ থেকে ২৪টিরও বেশি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এলাকায় কয়েকশ’ মানুষ বসবাস করেন, যাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাবানল থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে বাসিন্দাদের দ্রুত স্থানান্তর এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় দাবানল একটি সাধারণ ঘটনা হলেও, গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে এবারের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: ফিলিপাইনকে শান্তির বার্তা দিল চীন

অনলাইন ডেস্ক:

দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি বজায় রাখতে ফিলিপাইনকে আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় টাইফুন নামের মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছে তারা। চীনের মতে, এই সিদ্ধান্ত অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াবে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

টাইফুন নামের মার্কিন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, যা চীনা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চলতি বছরের শুরুতে এটি যৌথ মহড়ার জন্য ফিলিপাইনে মোতায়েন করা হয়েছিল। ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো মঙ্গলবার বলেন, টাইফুন মোতায়েন ‘বৈধ ও আইনসম্মত’। একইসঙ্গে সেনাপ্রধান রয় গ্যালিডো জানান, ফিলিপাইন নিজস্ব মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পরিকল্পনা করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “টাইফুন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ফিলিপাইন নিজের নিরাপত্তা অন্যদের হাতে সমর্পণ করেছে।” তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা এবং ভূ-রাজনৈতিক সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলবে।

মাও নিং আরও উল্লেখ করেন, “আমরা ফিলিপাইনকে পরামর্শ দিচ্ছি, কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা হলো নিরাপত্তা রক্ষার সঠিক পন্থা। চীন নিজের নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে কখনও নীরব থাকবে না।”

দক্ষিণ চীন সাগরে মালিকানা দাবি নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক সম্পর্ক আরও জোরদার হওয়ায় এই অঞ্চলের উত্তেজনা বেড়েছে।

চীনের সতর্কবার্তা সত্ত্বেও ফিলিপাইন তাদের মহড়া অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে ফিলিপাইন দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

তুষারঝড়ে বিপর্যস্ত বসনিয়া ও বলকান অঞ্চল: বিদ্যুৎহীন লাখো পরিবার

অনলাইন ডেস্ক:

বসনিয়া ও হার্জেগোভিনার প্রায় দুই লাখ বাড়ি ও প্রতিষ্ঠান বুধবার দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দেশের বিদ্যুৎ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মূলত উত্তরপশ্চিমাঞ্চল এবং মধ্য বসনিয়ার শহর ও গ্রামগুলোতে এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার বলকান অঞ্চলে শক্তিশালী তুষারঝড় আঘাত হানে। এর ফলে বসনিয়া ছাড়াও আশপাশের দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসবের দিনে তুষারপাত বন্ধ থাকলেও আগের তুষারপাতের কারণে রাস্তায় বরফ জমে ছিল। এর ফলে শহর ও গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইলেক্ট্রোপ্রেনোস বিআইএইচ বিদ্যুৎ সংস্থার মুখপাত্র ইয়েলেনা মার্কোভিচ জানিয়েছেন, “আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন।” তবে দুর্গম এলাকায় অধিকাংশ বিতরণ লাইন থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কষ্ট হচ্ছে।

প্রতিবেশী ক্রোয়েশিয়ার জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় লিকা অঞ্চলে বরফের নিচে চাপা পড়া ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্লোভেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আল্পস পর্বতে আটকে থাকা এক হাঙ্গেরীয় পর্বতারোহীর কাছে প্রবল ঝড়ো বাতাস ও তুষারপাতের কারণে হেলিকপ্টার নিয়ে পৌঁছানো সম্ভব হয়নি।

সার্বিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার বাড়ি বুধবার সারাদিন বিদ্যুৎহীন থাকলেও রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

তুষারঝড়ের কারণে সৃষ্ট এই বিপর্যয় থেকে বলকান অঞ্চলের দেশগুলো দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রাকৃতিক প্রতিবন্ধকতা ও দুর্গম এলাকার কারণে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২৬) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা বলেন, “এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস নির্ধারণ করে আগামী তিন দিনের মধ্যে সরকারকে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। যদিও প্রাথমিক প্রতিবেদন গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে না, তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের সময় সকল বিষয়ই জানানো হবে।”

তিনি আরও জানান, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। এর সঙ্গে থাকবেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ – একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

মুক্তি পেলো মালাইকার ‘সন্ধিক্ষণ’

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আপন ছোট বোন মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে মুক্তি পেয়েছে। এই নাটকের গল্প ভাবনায় ছিলেন মেহজাবীন নিজে।

মালাইকার প্রথম নাটকে তার সহশিল্পী হয়েছেন ফারহান আহমেদ জোভান। নাটকে তিনি মালাইকা অভিনীত ইরা চরিত্রের গৃহশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘সন্ধিক্ষণ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এর আগে গত ফেব্রুয়ারিতে মালাইকা একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দিয়েছিলেন আদনান আল রাজীব। এবার নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন তিনি।

‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গানও রয়েছে, যার শিরোনাম ‘প্রাণসখিয়া’। গানটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। এর কথা লিখেছেন ওয়াসিক সৈকত এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

নাটকটিতে মালাইকা এবং জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। নাটকের চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান এবং সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন রাশেদ রাব্বি।

গত অক্টোবরে ঢাকার উত্তরা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘সন্ধিক্ষণ’ দিয়ে মেহজাবীনের ছোট বোনের নাটকে অভিষেক হলেও মেহজাবীন বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা নিয়ে। চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

নতুন বছরের আগেই পূর্ণিমার ফেসবুক পোস্টে উন্মোচিত নতুন আশা

অনলাইন ডেস্ক:

ক্যারিয়ারের এক পর্যায়ে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা দর্শকদের মনে আজও রয়ে গেছে। তবে তারকা খ্যাতির শীর্ষে থাকার পরেও অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন পূর্ণিমা। বর্তমানে তিনি নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজে ব্যস্ত সময় পার করছেন।

গত বছরখানেক ধরে পূর্ণিমা আবার নতুন করে সংসারী হয়েছেন। তাঁর হাতে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তবে এসবের মধ্যেও তিনি সময় বের করে পুরনো বছরকে বিদায় জানাতে ভুলেননি। নতুন বছর শুরু হওয়ার আগেই, সোমবার ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। এরপর তিনি লিখেন, ‘গুডবাই ২০২৪’ ও ‘গুডবাই ডিসেম্বর’। সাথে হ্যাশট্যাগ ব্যবহার করে শুভকামনা জানান।

এই পোস্টটি করার পর, চার ঘণ্টার মধ্যেই দুই হাজারেরও বেশি মন্তব্য আসেছে, যেখানে অনেকে তাকে শুভ কামনা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার দালালদের হাত রয়েছে: সারজিস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার দালালদের হাত রয়েছে। তারা তাদের অপকর্ম ঢাকতে গুরুত্বপূর্ণ ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ফেসবুকে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের একটি বৃহৎ অংশ। এদের উপর ভর করেই হাসিনা দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।” তিনি আরও বলেন, “যতবারই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট ও দুর্নীতির দিকে নজর দিয়েছে, এবং এসবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, ততবারই সচিবালয়ে লুকিয়ে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে।”

এছাড়া, উপদেষ্টা পদে থাকা ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র এবং প্রশাসনে যারা এখনও চাটার দলের মতো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান হওয়ার সময় আর নেই।”

একজন শিল্পীকে কেন এসব নিয়ে ভুগতে হবে : আইশা খান

অনলাইন ডেস্ক:

তরুণ অভিনেত্রী আইশা খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নির্মাতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আইশা তার ফেসবুক পোস্টে নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে এক আবেগঘন মন্তব্য করেছেন।

আইশা তার পোস্টে লিখেছেন, “আপনার ভাষ্য মতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?”

এ ব্যাপারে গণমাধ্যমে আইশা বলেন, “আমি যখন পোস্টটি করি, তখন তিনি আমাকে ফোন করেন। তবে আমি ফোনটি ধরিনি, কারণ আমি খুবই আপসেট ছিলাম। কষ্ট যদি না পেতাম, তাহলে কখনো এমন পোস্ট করতাম না। গত দুই বছর ধরে নানা অজুহাত শুনছি। প্রায় ৮ মাস ধরে তিনি বলছেন, ‘তার পরিবারের সদস্য অসুস্থ’, ‘টাকা নেই’, ‘শুটিং চলছে’, ‘আগামী মাসে টাকা এলেই দিবো’, কিন্তু এগুলো শুনতে আর চাইনি। এ কারণেই আমি ফোনটা ধরিনি। এরপর পাঁচ মিনিট পর তিনি আমাকে ‘থ্যাংকস’ লিখে একটি মেসেজ পাঠান।”

আইশা আরো জানান, এটি দীপ্ত প্লের একটি সিরিজের কাজ ছিল, যা ২০২২ সালের অক্টোবর বা নভেম্বরে শুরু হয়েছিল। ২৬ পর্বের এই সিরিজের কাজের জন্য আইশাকে মাসে একদিন শুটিং করতে হয়েছে। প্রথম দুই বিল তিনি সময়ে পরিশোধ করলেও পরবর্তী সময় তা দেরিতে দিয়েছেন। এ বছরের কোরবানি ঈদে তার শ্বশুর অসুস্থ থাকায় এক লাখের বেশি বকেয়া থাকলেও আইশাকে ৫০ হাজার টাকা দেন, এবং এখনো সাড়ে ৬২ হাজার টাকা বাকি রয়েছে। ঈদের পর থেকে এই টাকা পরিশোধের জন্য নানা অজুহাত দেন আবু হায়াত মাহমুদ।

এছাড়া, অভিনেত্রী বলেন, “এ বিষয়টি নিয়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানান, তিনি (আবু হায়াত) অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন, পারিশ্রমিক ঠিকভাবে দেন না। অনেকেই আশা ছেড়ে দিয়েছেন।”

আইশা খানের এই অভিযোগ নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রী আইশার প্রশ্ন, “একজন শিল্পীকে কেন এসব নিয়ে ভুগতে হবে?”

নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুরের পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। এক ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা, নার্গিস বেগম। সন্তান হারানোর ব্যথা সইতে না পেরে বুক চাপড়ে আহাজারি করছেন তিনি।

সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশীসহ সবাই মর্মাহত।

নিহতের স্বজনরা জানান, নয়ন ছিল পরিবারের একমাত্র ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন তার মা-বাবা ও বোন। কিন্তু হঠাৎ করে এমন অকাল মৃত্যু যেন পুরো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। তারা বলছেন, নয়নের মৃত্যু মেনে নিতে পারছেন না তারা।

তবে, নিহতের স্বজনদের অভিযোগ, আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে যথাযথ বারিকেড না দেওয়ার কারণে দ্রুতগতির একটি ট্রাক ঘটনাস্থলে ঢুকে পড়ে এবং নয়নকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। তারা দ্রুত ট্রাকচালককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এবং সরকারের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে লোক পাঠানো হয়েছে। মরদেহ রংপুরে পৌঁছানোর পর দাফন কার্য সম্পন্ন করা হবে। গ্রামের বাড়িতে এ জন্য প্রস্তুতি চলছে।

এদিকে, তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজিব ঢাকা পোস্টকে বলেন, “গত রাতে আমরা একসাথে খাবার খেয়েছি এবং ভলিবল খেলেছি। রাত ২টা ৪০ মিনিটে সাইরেন বেজে ওঠে এবং আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোয়ানুর জামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে মরহুমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া ছয় ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সর্বশেষ খবর

হঠাৎ কৃতির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, রহস্য ঘনীভূত!

0
অনলাইন ডেস্ক: কিছুদিন আগেই পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এবার নারীর স্বাধীনতা, পোশাক এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান...