Tuesday, May 26, 2026
25 C
Dhaka
Tuesday, May 26, 2026

আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন আজ সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বললেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয়, তা নিশ্চিত করা।”

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। যে ১৮ উপজেলায় প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়, সেখানে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।”

 

হামের সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে কোনো স্বাধীন তদন্ত চাইছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১০ জন মানুষকে ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়ে হামের সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাবো? শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না।

 

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান।

ট্রাক উল্টে ১৫ জন নিহত: ‘চালকের ভুল ছিল’, বললেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় চালকের ভুল ছিল।

 

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ড্রাইভারের অসাবধানতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।

 

তিনি বলেন, “টাঙ্গাইলের দুর্ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের ভুলের কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তা ম্যানেজমেন্টে কোনো ত্রুটি ছিল না।”

 

ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আগামী দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, টিকিট কেটে অথবা নির্ধারিত পরিবহনের জন্য অপেক্ষা করেই যাত্রা করা উচিত। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাতায়াত নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

 

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে এখনও পর্যাপ্ত সংখ্যক ফিটনেসসম্পন্ন যানবাহন নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এর আগে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে শ্রমিক শ্রেণির যাত্রীরা ছিলেন। যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেনে নারীদের জন্য আলাদা বগি রাখা হয়েছে: উপদেষ্টা মাহাদী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন আজ সোমবার সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ-সার্ভিস চালু করেছে। একই সঙ্গে ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে।”

 

মাহাদী আমিন জানান, “পাশাপাশি ঈদের সাত দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রাব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে গবাদিপশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদিপশু খাতের বিকাশ ও বিক্রয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।”

 

‘কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে’-যোগ করেন তিনি।

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবি’র

নিজস্ব প্রতিবেদক:

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা আজ সোমবার এ সহায়তার ঘোষণা দেন।

 

এই অর্থ ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় ব্যয় করা হবে, যার লক্ষ্য হলো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সারা দেশে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা।

 

সফরকালে মাসাতো কান্দা প্রধান উপদেষ্টা তারেক রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

 

মাসাতো কান্দা বলেন, ‘বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। এডিবি দেশটিকে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি এবং আরও বৈচিত্র্যময় ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।’

 

এই সহায়তা প্যাকেজের আওতায় প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে দেওয়া হবে, যা বাংলাদেশের জন্য এডিবির সার্বভৌম অর্থায়ন কর্মসূচির অংশ হিসেবে যুক্ত হবে।

 

এডিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে এবং ব্যাংক খাতে তারল্য সংকটও অব্যাহত আছে।

 

এ ছাড়া সফরকালে ২০২৬ সালের প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এসব অর্থ জ্বালানি, পরিবহন, জলবায়ু সহনশীলতা ও সামাজিক উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

 

মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক পণ্যমূল্যের চাপ মোকাবিলায় অর্থায়ন ঘাটতি পূরণে এডিবি অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তাও বাড়িয়েছে।

 

এডিবি আরও জানিয়েছে, বাংলাদেশে তাদের বার্ষিক সার্বভৌম অর্থায়নের পরিমাণ ২০ শতাংশ বাড়িয়ে প্রায় ২ বিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে

কালশীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।”

 

বস্তি এলাকায় আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না, বললেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সোমবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। কৃষিজমি, জলাশয়সহ প্রতিটি সম্পদ উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো হবে।

 

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “কৃষি ও মৎস্য উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলো উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।”

 

‘ভিক্টোরিয়া কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বাড়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এসব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে’-উল্লেখ করেন তিনি।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তারা মাছের চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। উন্মুক্ত জলাশয়ে ব্যাপক হারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন ও সরবরাহ বাড়লে দেশি মাছের প্রাপ্যতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো হজযাত্রী

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার আকাশ-বাতাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন। আজ দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলবে।

 

হজের নিয়ম অনুযায়ী, সোমবার সারা দিন এবং রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করবেন হজযাত্রীরা। এরপর মঙ্গলবার (৯ জিলহজ) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। যাকে বলা হয় অকুফে বা আরাফার ময়দানে অবস্থান।

 

আগামী বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

 

মিনা ও আরাফাতসহ পবিত্র স্থানগুলোতে এখন তীব্র দাবদাহ বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফার ময়দানে অবস্থানের দিন অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

 

তীব্র গরম থেকে হাজিদের সুরক্ষা দিতে সৌদি সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পবিত্র স্থানগুলোতে ছায়া নিশ্চিত করতে বাড়তি শেড নির্মাণ, মিস্ট ফ্যান বা কৃত্রিম কুয়াশা তৈরির পাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে হাজিদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল।

 

সূত্র: গালফ নিউজ, আরব নিউজ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭ টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম আজ সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে জানালেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অংশ নেবেন।”

 

মো. আবদুস সালাম বলেন, “আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।”

 

‘জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ মোট ১২১টি কাতার করা হচ্ছে। পাশেই অজুখানা রাখা হয়েছে এখানে ১৪০ জন করে মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন’-উল্লেখ করেন তিনি।

 

জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান লাইটের ব্যবস্থা করা হয়েছে, ভ্রাম্যমাণ টয়লেট রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে জাতীয় ঈদগাহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে ডিএসসিসি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ সোমবার সকালে জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বললেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার পতাকা বহন করেছে কবি নজরুল। যত জাতীয় আন্দোলন, প্রতিটিতে মানুষ তার গান ও কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজের প্রেরণায় নজরুল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তার প্রতিটি কাজে নজরুল অনুপ্রেরণা।”

 

নজরুল বর্ষে বছরব্যাপী স্মরণ করা হবে তাকে। জাতীয় ও সামাজিক জীবনে নজরুল সব সময় প্রাসঙ্গিক। তিনি উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশকে অনুপ্রাণিত করেছিলেন-যোগ করেন রিজভী।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫: পরিচয় মিলল ১৩ জনের

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় মুনা সেতু সংযোগ মহাসড়কে আজ সোমবার ভোররাতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একই সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সকলেই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

শাহরুখের কিং সিনেমায় দেখা যাবে রণবীরকে!

0
অনলাইন ডেস্ক: বলিউডে এখন নতুন গুঞ্জন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও...