Tuesday, May 26, 2026
25 C
Dhaka
Tuesday, May 26, 2026

বজ্রাঘাতের বিকট শব্দে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত পরিবারের ৬ জন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে বজ্রাঘাতের বিকট শব্দে তিন মাস বয়সী এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের বাবা-মাসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে ৩ টার দিকে উপজেলার এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ইউপি সূত্র জানায়, রাতে ঝড়-বৃষ্টির সময় পরিবারের সবাই একটি বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ৩টার দিকে ওই বাড়ির ওপর তীব্র বজ্রাঘাত হলে ঘরে থাকা সবাই আহত হন। এ সময় বজ্রাঘাতের প্রচণ্ড ও বিকট শব্দে কোলের শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায়।

 

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন- শিশুটির বাবা নয়ন চাকমা (২৫), মা রেশমি চাকমা (২০), প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা।

 

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা জানান, গভীর রাতে বজ্রাঘাতের বিকট শব্দে শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বাবা-মায়ের কোলের শিশুটি এভাবে চলে গেল এবং পরিবারের সবাই আহত হলেন। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে ছাত্রদলের দায়েরকৃত মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পরে আজ সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

 

আজ সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী এর আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা।

 

এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

 

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই তারেক রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

এ বিষয়ে সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।”

গভীর রাতে বুলডোজার দিয়ে র‌্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, খুঁড়ল রাস্তাও

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন স্থাপিত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি যৌথ ক্যাম্পে গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীরা ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে যৌথ বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও এক্সাবেটর দিয়ে রাস্তা খুঁড়ে ফেলার ঘটনা ঘটায় তাঁরা।

 

প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গুলিবিনিময়ের পর আজ সোমবার ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২৫০ থেকে ৩০০ সশস্ত্র সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।

 

গতকাল রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় স্থাপিত ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।

 

পুলিশ ও র‌্যাব সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১টার পর আকস্মিকভাবে জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত যৌথ ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। হামলাকারীরা সুপরিকল্পিতভাবে যাতায়াতের বিভিন্ন সড়ক কেটে ফেলে এবং ক্যাম্পের পেছনের অংশের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় বেশ কিছু অস্থায়ী স্থাপনাও ভাঙচুর করা হয়।

 

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী “ইয়াসিন গ্রুপ”রাতের অন্ধকারে পুলিশ ও র‌্যাবের যৌথ ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে এবং ক্যাম্পের সুরক্ষায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলি। পরিস্থিতি মোকাবিলায় নন-লিথাল (অপ্রাণঘাতী) অস্ত্রের পাশাপাশি পাল্টা গুলি চালানো হয়।’

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের তথ্যমতে, ভোর ৪টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গুলিবিনিময় চলে। একপর্যায়ে প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।

 

হামলার খবর পেয়ে আজ ভোরেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ডিআইজি, র‌্যাব-৭ অধিনায়ক এবং জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

 

বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকাটি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখে আজ সকাল থেকে চিরুনি অভিযান শুরু করেছেন। সন্দেহভাজন বেশ কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে আকস্মিক এই হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধী চক্রের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এর আগেও সেখানে অভিযান চালাতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া।

 

এরই পরিপ্রেক্ষিতে, গত ৯ মার্চ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে একটি বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ চেষ্টার পর প্রশাসন পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে অপরাধীদের পুনর্বাসন ঠেকাতে ছিন্নমূল ও আলীনগর এলাকায় দুটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

 

গত ৯ মার্চের অভিযানের পর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গা ঢাকা দিলেও বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন, মশিউর রহমান ও নুরুল হক ভান্ডারিসহ শীর্ষ অপরাধীরা অধরাই থেকে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, মূলত এলাকাটির নিয়ন্ত্রণ পুনর্দখল এবং ক্যাম্পে নিয়োজিত সদস্যদের মনোবল ভেঙে দিতেই এই সংঘবদ্ধ হামলার পরিকল্পনা করা হয়েছিল।

ঈদ বোনাস পরিশোধ করল ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার মধ্যে ২ হাজার ২১টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। যা মোট হিসেবের ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৩টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি। এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৮৩টি ও চট্টগ্রামের ৩৩৪টি কারখানা।

 

ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৭০ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭০৯ টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানা। এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

 

এদিকে, ২৪ মে ঢাকা ছেড়েছে ১০৮টি পোশাক কারখানার কর্মীরা। ২৫ ও ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৬৬৪টি ও ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।

ঈদযাত্রা: কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্ব

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেন যাত্রার তৃতীয় দিনে ঈদযাত্রার এই ব্যস্ততার মাঝেই উত্তরাঞ্চলগামীসহ ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা।

 

আজ সোমবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন দেখা গেছে, স্টেশনের পার্কিং এলাকা থেকেই ঘরমুখো মানুষের দীর্ঘ লাইন শুরু হয়েছে। যাত্রীদের শুরুতে বাঁশের তৈরি বিশেষ চেকিং এলাকা পার হতে হচ্ছে এবং পরে প্ল্যাটফর্মে প্রবেশের আগে আবারও টিকিট পরীক্ষা করছেন টিটিইরা। তবে প্ল্যাটফর্মে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন চিত্র; সেখানে হাজারো মানুষ শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

 

রেল কর্তৃপক্ষ এটিকে ‘অপারেশনাল ডিলে’ এবং রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমে যাওয়াকে দায়ী করলেও, ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

 

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করলেও ২টি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং আরও ২টি ট্রেন নির্ধারিত সময় পার হওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়েনি।

 

আজ সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় এবং সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বের পর সকাল ৮টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে, রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটির সম্ভাব্য সময় দেওয়া হয় সকাল ১০টা ৪৫ মিনিট। ব্রাহ্মণবাড়িয়াগামীমে তিতাস কমিটার ট্রেন ৯ট ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির বিলম্বিত সিডিউল দেওয়া হয়েছে সকাল ১০টা ৫০ মিনিটে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টা পার হয়ে গেলেও তখন পর্যন্ত প্ল্যাটফর্মেই এসে পৌঁছায়নি।

 

স্টেশন সূত্রে জানা গেছে, আজ কমলাপুর স্টেশন থেকে মোট ৬৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন, বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।

 

এদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রা নির্বিঘ্নভাবেই চলছে। বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে। তবে রংপুর এক্সপ্রেস কিছুটা দেরিতে আছে।

‘মাইকেল’র সাফল্যের পর পর্দায় আসছে ‘মাইকেল ২’

অনলাইন ডেস্ক:

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই আলোচনা চলছিলো সিকুয়েল নিয়ে। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে। পরিচালক অ্যান্টোইন ফুকুয়া নির্মিত ‘মাইকেল’ সিনেমায় দেখানো হয়েছে কীভাবে সাধারণ পরিবার থেকে উঠে এসে মাইকেল জ্যাকসন বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হন। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রথম সিনেমাটি শেষ হয় ১৯৮৭ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট দিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিকুয়েলে মাইকেলের জীবনের পরবর্তী অধ্যায় ও অজানা নানা গল্প উঠে আসবে। অ্যাডাম ফোগেলসন বলেন, ‌‘মাইকেল জ্যাকসনের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা প্রথম সিনেমায় দেখানো সম্ভব হয়নি। সেগুলোই এবার সামনে আসবে।’ তিনি আরও জানান, সিকুয়েলটি নির্দিষ্ট টাইমলাইন অনুসরণ করবে না। গল্পের প্রয়োজন অনুযায়ী সময় সামনে বা পেছনে নেওয়া হবে। এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু দৃশ্য প্রথম সিনেমায় রাখা হলেও পরে আইনি জটিলতায় সেগুলো বাদ দিতে হয়। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সেই বিতর্কিত অধ্যায়ও সিকুয়েলে উঠে আসতে পারে। গত ২৪ এপ্রিল মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ‘মাইকেল’। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৩০ মিলিয়ন ডলারের বেশি।

যে কারণে নিজেকে অকর্মার ঢেঁকি বললেন জোভান

অনলাইন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রোমান্টিক কিংবা সিরিয়াস সব ধরনের চরিত্রেই ক্যামেরার সামনে যিনি দারুণ পারদর্শী, পর্দার পেছনের বাস্তব জীবনে তিনি নাকি একেবারেই উল্টো! নিজের জীবনের এমন এক অজানা তথ্য নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দক্ষতার সীমাবদ্ধতা নিয়ে বেশ মজার ছলে এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন জোভান। তিনি বলেন, ‘আমি আসলে একটা অকর্মার ঢেঁকি, আমি অ্যাক্টিং ছাড়া কিছুই পারি না।’ বাস্তব জীবনের রান্নাবান্নার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জোভান জানান, রান্নাঘরে পানি গরম করা ছাড়া আর কোনো দক্ষতাই তার নেই। তার ভাষ্য, ‘চাও বানাইতে পারি না, আমি শুধু পানি গরম করতে পারি। আমি আসলে কোনো রান্নাই করতে পারি না।’ খাবারের পছন্দের তালিকায় বিশেষ করে সরিষার তেলের তেহারি তার ভীষণ প্রিয়। অভিনেতা বলেন, ‘ছোটবেলা থেকে তো আম্মুর হাতের রান্না খেয়েই বড় হইছি, তো এখনও আম্মুর হাতের রান্নাই খাই আমি। আম্মুর হাতের মুরগির মাংস মজা, ডাল মজা।’ পর্দায় ভালোবাসার কতশত গল্প ফুটিয়ে তুললেও, বাস্তব জীবনে কাছের মানুষকে চমকে দিতে বা সারপ্রাইজ দিতে নাকি বেশ বেগ পেতে হয় এই তারকাকে। জোভান জানান, একা একা কোনো সারপ্রাইজের আয়োজন তিনি গুছিয়ে করতে পারেন না। এ জন্য তাকে বন্ধুদের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, ‘সারপ্রাইজ আমি ওরকম করতে পারি না, আমার আসলে সারপ্রাইজ করার জন্য আমার ফ্রেন্ড সার্কেলদের হেল্প লাগে। কারণ আমি একটা জিনিস অ্যারেঞ্জ করে যদি কারো জন্য করতে চাই, তো দেখা যায় যে আসলে আমি ঐ অ্যারেঞ্জ করে আসলে করতে পারি না, সো আমার অনেকগুলো ফোন কল দিতে হয় এটার জন্য।’

সার্টিফিকেশন বোর্ড থেকে সবুজ সংকেত পেলো শাকিবের ‘রকস্টার’

অনলাইন ডেস্ক:

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেছেন, ‘রকস্টার’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে এখনও সার্টিফিকেট হস্তান্তর করা হয়নি, তবে সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই তা দেওয়া হবে। ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে ‘রকস্টার’। একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

মেয়েকে নিয়ে কান মাতালেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক:

ঐশ্বরিয়া রায় মানেই রাজকীয়তা। আর সেই উপস্থিতি যদি হয় বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর লাল গালিচায়, তাহলে তো চোখ ফেরানোই দায়। বছরের পর বছর ধরে নিজের সৌন্দর্য, আভিজাত্য আর অনন্য স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন তিনি। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন আরও একজন- তার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। কানের প্রথম উপস্থিতিতে নীল গাউনে নজর কাড়ার পর দ্বিতীয় লুকেই যেন সামাজিক যোগাযোগমাধ্যম দখল করে নিলেন ঐশ্বরিয়া। তাকে দেখা গেল নরম ব্লাশ-পিঙ্ক রঙের এক স্বপ্নিল কেপ গাউনে। আর সেই লুক দেখেই ভক্তদের একটাই প্রতিক্রিয়া- “এটাই সেই ঐশ্বরিয়া, যাকে দেখতে চেয়েছিলাম!”ল’রিয়াল-এর আয়োজনে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ রিভেরায় হাজির হন অভিনেত্রী। তার পরনের গাউনটি ডিজাইন করেছে আজারবাইজানভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস সোফি কুতুর। জানা গেছে, কেপ গাউনটির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার রুপিরও বেশি। সফট কার্ল (সফট কার্ল) করা চুল, ডায়মন্ড জুয়েলারি আর হালকা গ্ল্যাম মেকআপে ঐশ্বরিয়াকে দেখাচ্ছিল একেবারে রাজকীয়। অন্যদিকে আরাধ্যাও ছিলেন সমান আকর্ষণীয়। মায়ের সঙ্গে মিল রেখে তিনি পরেছিলেন রুবি-রেড গাউন ও ম্যাচিং কেপ। খোলা চুল আর গ্লসি মেকআপে তাকে দেখে অনেকেই বলছেন, তিনি শুধু স্টার কিড নন, ভবিষ্যতের এক সম্ভাবনাময় ফ্যাশন আইকনও। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কান উৎসবে দেখা গেছে আরাধ্যাকে। তবে এবারই প্রথম কোনও আনুষ্ঠানিক আয়োজনে এতটা পরিণত ও স্টাইলিশ উপস্থিতিতে দেখা গেল তাকে। তাই ভক্তদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। কানের ঝলমলে পরিবেশে মা-মেয়ের এই উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এবারের আয়োজনটি ছিল কানে ঐশ্বরিয়ার ২৪তম বছর। এত দীর্ঘ সময় পেরিয়েও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বরং প্রতি বছরই ভক্তরা অপেক্ষা করে থাকেন- এবার ‘কান কুইন’ কী চমক নিয়ে হাজির হন। সেই চমকেরই স্টাইলিশ, রাজকীয় উপস্থিতি দেখলো ঐশ্বরিয়ার ভক্তরা।

বিশ্বকাপের নতুন গানে ঝড় তুললেন শাকিরা

অনলাইন ডেস্ক:

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হলেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’। মায়ামিতে চিত্রায়িত এবং হান্না লাক্স ডেভিস পরিচালিত এই মিউজিক ভিডিওতে দেখা গেছে বিশ্ব ফুটবলের একঝাঁক মহাতারকাকে। ভিডিওটিতে স্ক্রিন শেয়ার করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), ভিনিসিয়াস জুনিয়র, তাকেফুসা কুবো, সান্তিয়াগো গিমেনেজ, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা এবং ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো ফুটবল তারকারা। এছাড়াও এতে অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানো বিখ্যাত এনজিও ‘ঘেটো কিডস’। ভিডিওটির অন্যতম আকর্ষণীয় দিক হলো, মেক্সিকো সিটির ঐতিহাসিক ল্যান্ডমার্ক ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরার উপস্থিতি, যা মেক্সিকোর রাজধানী ‘সিউদাদ দে মেক্সিকো কোরাজন গ্রান্দে’-এর পর্যটন ক্যাম্পেইনের সহায়তায় চিত্রায়িত হয়েছে। আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে তৈরি হতে যাচ্ছে নতুন ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। এই জমকালো আয়োজনে ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’-এর সাথে সহ-প্রধান শিল্পী হিসেবে মঞ্চ কাঁপাবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সাথে নিয়ে ‘দাই দাই’ গানটি লাইভ পরিবেশন করবেন তিনি। ‘দাই দাই’ গানটি মূলত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিশিয়াল অ্যান্থেম। এর লক্ষ্য ২০২৬ সালের ফাইনালের মধ্যে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হবে। শাকিরা এই গান থেকে প্রাপ্ত তার সমস্ত রয়্যালটি এই তহবিলে দান করছেন। পাশাপাশি সোনি মিউজিক প্রথম আড়াই লাখ ডলারের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুেরর প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই ফান্ডে জমা হবে।

সর্বশেষ খবর

শাহরুখের কিং সিনেমায় দেখা যাবে রণবীরকে!

0
অনলাইন ডেস্ক: বলিউডে এখন নতুন গুঞ্জন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও...