আজীবন বিউটি কনটেস্টে হাঁটব না, আমি বোকা নই: পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক:

আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল আবারও আলোচনায় এলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আসরে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দিয়ে। এই আয়োজনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে পিয়া বলেন, “আপনারা কী ভাবেন, মেয়েদের বয়স হয় না? আমি যদি এখনো ষোলো বা পঁচিশ বছরের মেয়েদের মতো হাঁটি, তাহলে কি আমি আমার মেধার প্রতিফলন ঘটাব না? আমি আজীবন বিউটি প্রেজেন্টে যাব, আজীবন হাঁটব, আমি এত বোকা মেয়ে মানুষ না।”

তিনি আরও বলেন, “আপনারা তো যেকাউকে মডেল বানিয়ে দেন। আমি ১৭-১৮ বছর ধরে মডেলিং করছি। জিমে যাই, সেখানে কী পরব, তা নিয়ে ভাবতে হয়। আবার বাসায় বা সাধারণ অনুষ্ঠানে একই কাপড় বিশবার রিপিট করি—এটাই আমার স্বাভাবিক জীবন। সবাইকে লাইমলাইটে আনার কোনো দরকার নেই। যারা যোগ্য, তাদেরকেই লাইমলাইটে আসতে দিন।”

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর র‍্যাম্প মডেলিং, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে কাজ করে নিজের অবস্থান তৈরি করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তিনি ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’ ও ‘রোমান্স ইন আমেরিকা’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

শুধু শোবিজ নয়, পিয়া জান্নাতুল পেশাগতভাবে একজন আইনজীবীও। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে পড়াশোনা শেষে ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

আন্তর্জাতিক মঞ্চেও রয়েছে তার কৃতিত্ব। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। মিশরের ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতাতেও অর্জন করেন শীর্ষ মডেল হওয়ার সম্মান।