নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আরও এক নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “গণতান্ত্রিক ছাত্র সংসদের পলাতক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন।”
এর আগে এ ঘটনায় গুলশান থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আসামিরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ নিয়ে গুলশান থানায় মামলা দায়েরের পর একে একে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।











