নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় শোকজ করা হয়েছে। বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দলীয় কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ফজলুর রহমানের মন্তব্য দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি এবং আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মানজনক। তাঁর বক্তব্যের কারণে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত যা জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির প্রায় ৪৫০ নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজার শহীদ হয়েছেন, এবং ৩০,০০০-এরও বেশি আহত হয়েছেন। কেন্দ্রীয় কার্যলয় থেকে ফজলুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।











