নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়তির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে রোগটিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬০ জনে।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, সিটি করপোরেশনের বাইরে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ১০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪ হাজার ৮০০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান বলছে, আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়লে ডেঙ্গু সংক্রমণও দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে নগর ও গ্রাম উভয় এলাকাতেই মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সাম্প্রতিক বছরের তথ্যও ডেঙ্গুর ঝুঁকির বিষয়টি স্পষ্ট করছে। ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হওয়ার মাধ্যমে জটিলতা এড়ানো সম্ভব।











