নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
নিহত আব্দুল কুদ্দুস চান মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরের আটরশি দরবার শরিফগামী একটি যাত্রীবাহী বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। চালক বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং অনেকে আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যানজট তৈরি হয়েছিল। তবে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়া হয়।”











