অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবি চাকরি, পলাতক আকবরের ১৩ বছরের সাজা
নিজস্ব প্রতিবেদক:
অন্যের নাম ব্যবহার করে এবং জাল-জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) তথা তৎকালীন বিডিআরে চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একই সঙ্গে তাকে চাকরিকালে উত্তোলন করা সব বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দেওয়া পর্যবেক্ষণে বিচারক মামলাটিকে জাল-জালিয়াতির একটি উৎকৃষ্ট মামলা হিসেবে আখ্যায়িত করেন।
সাজার বিস্তারিত তথ্য নিশ্চিত করে দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, ছদ্মবেশ ধারণ ও অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যার অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি জাল দলিল প্রতারণামূলকভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করার অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রযোজ্য হবে।
প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন আরও জানান, ছদ্মনাম ব্যবহার করে সংস্থাটির সিপাহী পদে চাকরিকালে উত্তোলিত সমস্ত বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এই উদ্দেশ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে বিধায় তাকে মোট ১৩ বছর কারাগারে কাটাতে হবে।
রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু। তিনি জানান, আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন এবং রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হয়েছিলেন।
অভিযোগ প্রমাণিত হয়েছে যে, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ধরে ওই ছদ্ম পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন তিনি।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দফতরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে এই পরিচয় জালিয়াতির সত্যতা পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্ম তারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর, যা পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়।
নিজের আসল পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী, তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন। এছাড়া ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মন্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়েছিল। অথচ প্রকৃত জাহাঙ্গীর আলম জানিয়েছেন যে তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।
