নিজস্ব প্রতিবেদক:
যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ ততদিন পর্যন্ত চলবে, যতদিন না ‘ডেভিল’ শেষ হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গাজীপুরের ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। গাজীপুরসহ সারা দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।”











