নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার এবং এর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি অপ্রতিম হত্যাকাণ্ডকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, ঘটনাটি নিয়ে সারাদেশের মানুষ মর্মাহত।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিমের বয়স সম্ভবত ১৩ বছর। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্ব ও ওঠাবসা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তাদের বয়স নিহত কিশোরের চেয়ে প্রায় পাঁচ থেকে ১০ বছর বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো।
অপ্রতিমের সঙ্গে থাকা মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আলামতও পাওয়া গেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলছে। পুলিশ ফরেনসিক বিশ্লেষণ করছে এবং নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার দাফনও সম্পন্ন হয়েছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধারে পুলিশ সক্ষম হয়েছে। তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বিচার করবে আদালত। আমরা সব সহযোগিতা করব।” বিচার বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক অপরাধের পেছনে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব অপরাধ কমাতে স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন। পরে সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেওয়া মানুষ অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।











