নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গুলশানে নৌ পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেছেন, “অযৌক্তিক আন্দোলন ও আবদারের কারণে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে।” তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “রাস্তা বন্ধ না করে নিজেদের নির্ধারিত এলাকায় কর্মসূচি পালনের অনুরোধ করছি।”
রাজধানীর উত্তরা থানায় হামলার বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপদেষ্টা আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। তবে, শেখ হাসিনা বাংলাদেশে নেই, তাকে কোথা থেকে ধরব? যারা দেশে নেই, তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। তবে আমরা চেষ্টা করছি এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি রয়েছে, সেভাবেই তাদের দেশে আনার কাজ চলছে।”
তিনি জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে ১০৫ জন আসামি রয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সংখ্যা কম থাকায় তাদের ক্ষোভ প্রকাশ হয়েছে।”











