আজ বাল্যবিবাহ নির্মূল দিবস: হার কমলেও পথ এখনো দীর্ঘ
অনলাইন ডেস্ক:
আজ শুক্রবার (২৭ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূল দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসে বাংলাদেশের চিত্রটি উদ্বেগের: বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা এখনো বিশ্বের সর্বোচ্চগুলোর একটি। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় ৪ জনই বিবাহিত।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং দিবসটি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান গতিতে এগোলে বাংলাদেশে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে প্রায় ২০০ বছর লেগে যেতে পারে। হার কমার গতি অত্যন্ত ধীর বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিসেফের জরিপের তথ্য অনুযায়ী, দেশে বাল্যবিবাহের হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত অক্টোবরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও এর ২০১৮ সালের বিধিমালা পর্যালোচনা করেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ। দুই সংস্থা আইনটির ১৯ ধারার ‘বিশেষ বিধান’ বাতিলের সুপারিশ করেছে, যে ধারায় বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশের আইনে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের জন্য ১৮ ও ছেলেদের জন্য ২১ বছর। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা বা সহিংসতার শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং শিশু হেল্পলাইন ১০৯৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মেয়েদের শিক্ষা ও পরিবারগুলোর সচেতনতা বাড়ানো ছাড়া এই প্রবণতা থামানো কঠিন।
