আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বা কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তাহলে আমি বিশ্বাস করি, স্বনির্ভর এবং সমৃদ্ধ অর্থনীতি কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন তাই পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা একটি আত্মনির্ভরশীল এবং মেধা সমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। তবে মেধা সমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এরসঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রফতানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ সেক্টরে ১০৪ দশমিক ৬৪ লক্ষ মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। এই সেক্টরের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা এবং অর্থনৈতিক নীতি সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই সেক্টরের সাফল্যের জন্য খামারিদের ধন্যবাদ জানান।
প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে, অপরদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।
তিনি বলেন, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা ‘বাচ্চা উৎপাদনক্ষম’ উর্বর ডিম রফতানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নিত্যনতুন রফতানি বাজার সম্প্রসারণ করতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন, বাংলাদেশের সামনে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রফতানির বিশাল সম্ভাবনা রয়েছে। এজন্য সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী করার ওপর গুরুত্ব দিয়েছে।
পোলট্রি শিল্পের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক এবং প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে। এই খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যার ৪০ শতাংশই নারী। বর্তমানে পোলট্রি সেক্টরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রায় ১৫ লক্ষ প্রান্তিক খামারি তাদের জীবিকার জন্য পশু পালন করেন। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির বিষয়ে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। এটি পর্যাপ্ত নয় বিধায় সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
উপকূলীয় অঞ্চল ও হাওড়ে মহিষের উৎপাদন বৃদ্ধির বিষয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
পশুপাখির অধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না। প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখা এবং স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দেওয়া মানবিক দায়িত্ব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এই খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে “জাতীয় প্রাণিসম্পদ পদক” বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এই অর্জন দেশের লাখো উদ্যোক্তা ও গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। পরিশেষে তিনি বলেন, বিশ্ববাজারে প্রাণিজপণ্য প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রসেসিং সেন্টার এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।
