আবাসন খাতে দুর্নীতি ও অনিয়ম: টিআইবির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক:
দেশের আবাসন খাত আন্তর্জাতিক মান অর্জনের পথে এগিয়ে চললেও, এই খাতে স্বচ্ছতার অভাব ও দুর্নীতির ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (২৫ নভেম্বর) টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উঠে এসেছে যে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুমোদন ও ছাড়পত্র পেতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে প্রতিনিয়ত নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের শিকার হতে হচ্ছে।
গবেষণার তথ্য অনুযায়ী, সরকারি দপ্তরে নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখা হয়। এই বিলম্বের সুযোগ নিয়ে আবেদনকারীকে অনানুষ্ঠানিক যোগাযোগ ও নিয়মবহির্ভূত লেনদেনে বাধ্য করা হয়, যা রিয়েল এস্টেট খাতের ভাষায় ‘স্পিড মানি’ হিসেবে পরিচিত। কোম্পানিগুলো তাদের প্রকল্প বাজেটে এই অর্থকে ‘বিবিধ খরচ’ হিসেবে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। গবেষণায় দেখা গেছে, একরপ্রতি নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। ২৫ একরের একটি প্রকল্পে এই ব্যয়ের পরিমাণ ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এই অনিয়মের সাথে রাজউক, জেলা ও উপজেলা ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, ডেসকো ও ডিটিসিএর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, লে-আউট অনুমোদন, ভূমি ব্যবহার ও পরিবেশগত ছাড়পত্র এবং ইউটিলিটি সংযোগের প্রতিটি ধাপে এই অর্থ ব্যয় করতে হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, আবাসন খাত জিডিপিতে বড় অবদান রাখলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট ও তদারকির অভাব এই খাতে সুশাসন প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনীতি-সংশ্লিষ্ট প্রভাবশালীরা রিয়েল এস্টেট কোম্পানি থেকে রাজনৈতিক চাঁদা, লভ্যাংশ, কমিশন ও ব্যক্তিগত শেয়ারের মতো সুবিধা গ্রহণ করে। এর বিপরীতে প্রভাবশালী মহল জমির মালিকদের ওপর চাপ প্রয়োগ করে। ড. ইফতেখারুজ্জামান বলেন, এই অপশাসন নিয়ন্ত্রণে সরকারকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে।
গবেষণায় নির্মাণপূর্ব ও নির্মাণ-পরবর্তী বিভিন্ন ধাপে ব্যয়ের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রাজউকের মাধ্যমে প্রকল্প অনুমোদন ও ছাড়পত্র পেতে ৩০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পরিবেশগত ছাড়পত্র, ট্রাফিক সার্কুলেশন অনুমোদন এবং গ্যাস-বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও লাখ লাখ টাকা নিয়মবহির্ভূত ব্যয় করতে হয় কোম্পানিগুলোকে।
এই সংকট নিরসনে টিআইবি ১৩ দফা সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা যুগোপযোগী করা। এছাড়া রিহ্যাব, রাজউক, সিটি করপোরেশন ও ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম গঠন এবং রিহ্যাবের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরপেক্ষ তদারকি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, খাতটিকে জনসেবামূলক বিবেচনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নৈতিক আচরণবিধি প্রণয়নের তাগিদ দিয়েছে টিআইবি।
