ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 26 November 2026, 4:02 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়টিও গভীরভাবে জড়িত রয়েছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে মোট ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে শুরু হওয়া এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। দেশজুড়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরতে এ উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

মন্তব্য করুন